২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত কম দামে গ্যাস চাওয়ার কারণেই ত্রিদেশীয় পাইপলাইন প্রকল্প অনিশ্চিত

বাংলাদেশের শর্ত কিংবা রাইট অব ওয়ে না পাওয়ার জন্যে নয়, বরং মায়ানমারকে কম দামে গ্যাস বিক্রিতে রাজি করাতে ব্যর্থ হওয়ার কারণেই ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন প্রকল্প ঝুলে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 07:11 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

চলতি বাজার দরের চেয়ে কম হলেও মায়ানমার থাইল্যান্ডের কাছে যে দামে গ্যাস বিক্রি করে সে মূল্যেই দেশটি ভারতের কাছে গ্যাস বিক্রি করতে সম্মত হয়েছে। কিন্তু ভারত আরো ছাড় চাওয়ার কারণে পুরো প্রকল্পটিই অনিশ্চিত হয়ে পড়েছে।

কিস্তু ভারতীয় গ্যাস কোম্পানি গেইল চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত ব্যানার্জি বলছেন উল্টো কথা। তিনি সম্প্রতি বলেছেন, গ্যাস প্রকল্পটির জন্যে রাইট অব ওয়ে দিতে বাংলাদেশ নিস্ক্রিয়।

এ মন্তব্যকে অযাচিত হিসেবে উল্লেখ করেছেন প্রকল্পটির উদ্যোক্তা মোহনা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেবি আহমেদ। তিনি বিডিনিউজকে বলেন, ব্যানার্জির এ ধরনের মন্তব্য করার আগে জেনে নেওয়া উচিত ছিল, তার সরকার কেন চুপচাপ বসে আছে।

কেবি আহমেদ বলেন, গেইল মায়ানমারের এ-১ এবং এ-৩ ব্লকের ১০ শতাংশ শেয়ার হোল্ডার। এর বাইরে পুরো পাইপলাইন প্রকল্পের সাথে গেইলের কোনও সম্পর্ক নেই। ফলে বিষয়টি নিয়ে কেন তিনি কথা বলেছেন তা স্পষ্ট নয়।

গত মাসে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী মনি শংকর আয়ারের ঢাকা সফরকালে বাংলাদেশ ত্রিদেশীয় পাইপলাইন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে। তিনটি শর্ত পূরণ সাপেক্ষে রাইট অব ওয়ে দেওয়ার অবস্থান থেকে কিছুটা সরে আসে বাংলাদেশ। সর্বশেষ প্রস্তাবে বলা হয়, রাইট অব ওয়ে দেওয়ার বিনিময়ে বাংলাদেশ ভারতের কাছ থেকে নেপাল ও ভুটানের সাথে পণ্য পরিবহন এবং বিদ্যুৎ পরিবহন ট্রানজিট চায়।

আয়ার জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানকে জানান, তিনি দিল্লিতে ফিরে বিষয়টি নিয়ে তার সরকারের সাথে আলোচনার মাধ্যমে নিশ্চিত করবেন। এরপর এক মাস পেরিয়ে গেলেও ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে কিছু জানানো হয়নি।

সূত্রে প্রকাশ, ভারত নিশ্চিত করলেই বিষয়টি নিয়ে সমঝোতাস্মারক স্বাক্ষরে বাংলাদেশ প্রস্তুত আছে।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বিডিনিউজকে বলেছেন, আমরা ভারতের মতামতের অপেক্ষায় আছি। বল তাদের কোর্টে। ত্রিদেশীয় পাইপলাইন নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট এবং সেটি ভারত সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে দিল্লি এবং ইয়াঙ্গুন থেকে পাওয়া বিভিন্ন সূত্রের খবর বিশ্লেষণ করে দেখা যায়, বাজার দামের চেয়ে কম দামে মায়ানমার থেকে গ্যাস কিনতে ব্যর্থ হয়ে ভারত এখন নেতিবাচক প্রচারণায় নেমেছে। এর অংশ হিসেবে বাংলাদেশ রাইট অব ওয়ে দিচ্ছে না, এ অজুহাতে তারা প্রকল্পটি থেকে সরে আসতে চাইছে।

গত সপ্তাহে দিল্লিতে বিমসটেক জ্বালানি মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আসা মায়ানমারের জ্বালানি মন্ত্রীও এ বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, ইতোমধ্যে চায়না মায়ানমারের গ্যাস প্রতি হাজার ঘনফুট ছয় মার্কিন ডলারে কিনতে আগ্রহ প্রকাশ করেছে।

থাইল্যান্ড মায়ানমার থেকে প্রতি হাজার ঘনফুট গ্যাস কিনছে ৪ দশমিক ২০ ডলার এবং ৪ দশমিক ২৮ ডলার দামে। নতুন গ্যাস কেনার চুক্তির জন্যে থাইল্যান্ড রেট আরো কিছুটা বাড়িয়ে দিতে রাজি আছে। আর মায়ানমার ভারতকে ৪ দশমিক ২০ ডলার রেটে গ্যাস দিতে রাজি হয়েছে। কিন্তু ভারত ৩ দশমিক ৮৫ মার্কিন ডলারে গ্যাস পেতে চাইছে।

গত তিন মাস ধরে ভারত এবং মায়ানমারের মধ্যে তিনটি নেগোসিয়েশন বৈঠক হলেও তাতে কোনও ফল আসেনি। সর্বশেষ মানায়মারের পক্ষ থেকে ভারতকে গ্যাসের দাম নিয়ে তাদের সাথে নয়, বরং এই পাইপলাইনের কনসোর্টিয়ামের সাথে কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে।