২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ধিত চাহিদা পূরণে স্থলবন্দর দিয়ে সুতা আমদানির অনুমতি চেয়েছে বিকেএমইএ

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) বর্ধিত চাহিদা পূরণে আবারো স্থলবন্দর দিয়ে সুতা আমদানির অনুমতি চেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 04:08 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

সংগঠনের সোনারগাঁও রোডের কার্যালয়ে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, দেশীয় সুতার মূল্য আন্তর্জাতিক বাজারের সমান করা এবং রমজানের প্রথম সপ্তাহের মধ্যেই নগদ সহায়তার ২০০ কোটি টাকা ছাড় দেওয়া।

বিকেএমইএ সভাপতি ফজলুল হক জানান, গত এক মাসে দেশীয় সুতার মূল্য কেজি প্রতি দশমিক ৩০ ডলার থেকে বেড়ে দশমিক ৪০ ডলারে উন্নীত হয়েছে। অন্যদিকে একই মানের সুতার দাম প্রতিবেশী ভারতে দশমিক ১০ ডলার থেকে বেড়ে দশমিক ১৫ ডলার হয়েছে।

তিনি জানান, ২০০১ সালের ৯ মার্চ থেকে স্থল বন্দরের মাধ্যমে সুতার আমদানি বন্ধ রয়েছে। শুধুমাত্র নৌপথে সুতার আমদানি হচ্ছে। তবে যেখানে মাসে সাত জাহাজ সুতার দরকার, সেখানে জাহাজ পাওয়া যাচ্ছে মাত্র চারটি। নিটওয়্যার শিল্পগুলো চাহিদা অনুযায়ী সুতা না পেয়ে তাদের কাজ সময়মতো শেষ করতে পারছে না।

তিনি বলেন, বর্তমান অবস্থায় সরকার স্থল বন্দরের মাধ্যমে সুতা আমদানি করার সুযোগ না দিলে তাদের ইতোপূর্বে নেওয়া অর্ডারগুলো বাতিল করতে হবে। অথবা তাদের লোকসানের শিকার হতে হবে, যা এই শিল্পের জন্যে হুমকি।

বিকেএমইএ সভাপতি অভিযোগ করেন, তুলা থেকে প্রয়োজনীয় পরিমাণ ‘ওয়েস্টেজ’ বাদ না দেওয়ায় অনেকক্ষেত্রেই দেশীয় সুতা মানসম্মত নয়। তারপরও দেশীয় চাহিদার তুলনায় বর্তমানে দেশে উৎপাদিত সুতার পরিমাণ অনেক কম। দেশের স্পিনিং মিলগুলো তাদের চাহিদা অনুযায়ী সুতার সরবরাহ করতে পারছে না। অথচ নিটওয়্যার খাতে রপ্তানির পরিমাণ দিন দিন বাড়ছেই।

ফজলুল হক জানান, বিগত অর্থবছরে নিটওয়্যার খাতে রপ্তানি হয়েছে ২,৮১৯ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমান অর্থবছরের লক্ষ্যমাত্রা ৩,৬০০ মিলিয়ন ডলার।

বর্তমান অবস্থা অব্যাহত থাকলে এ লক্ষ্যমাত্রা অর্জন কোনোভাবেই সম্ভব নয় বলে তিনি আশংকা প্রকাশ করেন।

এক প্রশ্নের জবাবে বিকেএমইএ সভাপতি বলেন, সুতা আমদানি আমাদের মূল লক্ষ্য নয়। আন্তর্জাতিক বাজারের সাথে সমমূল্য এবং মানসম্মত সুতার পর্যাপ্ত সরবরাহ থাকলে ব্যবসায়ীরা কোনও সুতা আমদানি করবে না।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হাবিবুর রহমান, আবু আহমেদ সিদ্দিক ও আব্দুর রাশেদ এবং পরিচালক হায়দার আলী বাবলু, খাজা আজিজুল হক, খাজা রহমতউল্লাহ এবং মনোয়ার হোসেন।