২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসাধু ব্যবসায়ীদের ‘দোষ দেখছে’ ক্যাব, শাস্তি দাবি

অসাধু ব্যবসায়ীদের ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ না দিলে রমজানে নিত্যপণ্যের দাম আরও বাড়বে বলে মনে করছে ভোক্তা অধিকার রক্ষায় সোচ্চার সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2022, 07:33 PM

Updated : 02 Aug 2022, 03:14 PM

বুধবার ‘অসাধু, মুনাফাখোর ও মজুতদার ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সংগঠন আয়োজিত মানববন্ধন থেকে এমন বক্তব্য আসে।

মানববন্ধনে ক্যাবের সহ সভাপতি নাজের হোসাইন বলেন, “সরকার ইদানিং কিছু উদ্যোগ নিলেও অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা যায়নি। দেশের এমন কোনো পণ্য নেই যার দাম বাড়েনি। সরকারের কাছে আমাদের আবেদন- অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনাকে (সরকার) আরও কঠোর হতে হবে।

“আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। যদি শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে সামনে রমজান আসছে, তখন নিত্যপণ্যের দাম আরও বাড়বে।“

বাজার পরিস্থিতি পর্যালোচনায় ১৭ সদস্যের টাস্কফোর্স গঠন

ব্যবসায়ীদের ‘ঠকাবেন’ না অর্থমন্ত্রী  

কোভিড মহামারীতে আয়-রোজগার কমে গেছে দাবি করে তিনি বলেন, “কিন্তু আমাদের কিছু অসাধু ব্যবাসায়ীদের কারণে দাম বাড়ানোর প্রতিযোগীতা বন্ধ হয়নি। ব্যবসায়ীরা যেমন দাম বাড়াচ্ছে, সেই সঙ্গে তাল মিলিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোও তাদের পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস, পানির দাম বাড়াতেও প্রতিযোগীতা চলছে।

“একজন প্রান্তিক মানুষের পক্ষে জীবন চালানো খুবই কঠিন হয়ে দাঁড়িয়ে।”

সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর ভূঁইয়া বলেন, বিশ্ববাজারে পণ্যের দাম বাড়ানোর অজুহাতে দেশের প্রায় সব পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। এমনকি গরুর মাংসের দামও বাড়িয়ে দিয়েছে।

“বিশ্ব বাজারে কি গরুর দামও বেড়ে গেছে? যারা অসৎ, যারা মুনাফাখোর, যারা মজুতদার- এ ধরনের ব্যবসায়ীদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা ক্যাবের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি। “