বাজার পরিস্থিতি পর্যালোচনায় ১৭ সদস্যের টাস্কফোর্স গঠন
দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে ১৭ সদস্যের টস্কফোর্স গঠন করা হয়েছে।
রোববার রাতে এসংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে বলা হয়, এ কমিটি প্রতি মাসে অন্তত একটি সভায় বসবে।
সাম্প্রতিক সময়ে চিনি, ভোজ্যতেলসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার গত ১৩ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পাঁচজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন।
এতে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ অংশ নেন।
সেই বৈঠকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছিল।
সেই সিদ্ধান্তের আলোকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে উপদেষ্টা ও বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষকে সভাপতি করে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনায়’ এ টাস্কফোর্স গঠন করা হয়।
কমিটির কাজ
>> সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/প্রতিষ্ঠানকে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া।
>> নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা এবং আন্তর্জাতিক বাজার দর ও আমদানিসংক্রান্ত তথ্য সংগ্রহ; কোনো পণ্যের মূল্যবৃদ্ধি বা সরবরাহ চেইনে অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব হলে ‘দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল’ থেকে তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
>> পণ্য উৎপাদন, পরিশোধন ও আমদানি থেকে স্থানীয় পর্যায়ে বিক্রি পর্যন্ত সার্বিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া।
>> নিত্যপণ্যের সরবরাহ চেইন স্থিতিশীল রাখার বিষয়ে পদক্ষেপ নেওয়া।
>> বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া।
কমিটির সদস্য হিসেবে থাকছেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, জননিরাপত্তা বিভাগের সচিব, কৃষিসচিব, খাদ্যসচিব, শিল্পসচিব, তথ্য ও সম্প্রচার সচিব, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ডিজিএফআইয়ের মহাপরিচালক, এনএসআইয়ের মহাপরিচালক, টিসিবির চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি।
বাণিজ্য মন্ত্রণালয়ের (আইআইটি-২) যুগ্মসচিবকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। তবে কাজের প্রয়োজনে এই কমিটির পরিধি আরও বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
আরও পড়ুন:
