দেশে তৈরি রেডমি নোট সিরিজের প্রথম ফোন বাজারে
দেশে তৈরি শাওমির নোট সিরিজের প্রথম স্মার্টফোন রেডমি নোট ১১ এখন মিলছে বাজারে।
সোমবার থেকে এ সিরিজের সবর্শেষ স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, “রেডমি নোট ১১ স্মার্টফোন দিয়ে শাওমি ‘মেইক ইন বাংলাদেশ’ যাত্রাকে আরও শক্তিশালী করল।”
রেডমি নোট ১১ স্মার্টফোনের বিষয়ে শাওমির বলছে, ফোনটিতে থাকছে আপগ্রেড ক্যামেরা সিস্টেম, চার্জিং স্পিড, ডিসপ্লে ও এসওসি, যা ফোনটিকে দেবে আগের একই পর্যায়ের ফোনের চেয়ে বেশি ও ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স।
দাম ও কোথায় পাওয়া যাচ্ছে
গ্রাফাইট গ্রে, টোয়াইলাইট ব্লু ও স্টার ব্লু- এ তিন রঙয়ের রেডমি নোট ১১ শাওমির সব অথরাইজড স্টোরে পাওয়া যাচ্ছে।
ফোনটি আবার তিন ভ্যারিয়েন্টে ভিন্ন ভিন্ন দামে পাওয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ ও ৬৪ জিবি ভ্যারিয়েন্ট ১৬ হাজার ৪৯৯ টাকা, ৪ ও ১২৮ জিবি ১৭ হাজার ৪৯৯ টাকা এবং ৬ ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৮ হাজার ৯৯৯ টাকা।
স্মার্টফোনটিতে রয়েছে ২.৪ গিগাহার্জের অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এতে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের ৬ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তি।
রেডমি নোট ১১ ডিভাইসে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি, ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং। এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডটডিসপ্লে। ফোনটির উপরে ও নিচের দিকে দুটি সুপার লাইনার স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এআইভিত্তিক শক্তিশালী কোয়াড ক্যামেরায় রয়েছে আল্ট্রা হাই রেজ্যুলেশনের ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। একইসঙ্গে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর রয়েছে এটিতে। সেলফি নিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
নতুন এ স্মার্টফোনের বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “অত্যাধুনিক ফিচার দিয়ে বাংলাদেশের বাজারে স্মার্টফোন আনতে পেরে শাওমি গর্বিত, সেরা দামে সেরা ফোন আনতে আমরা সর্বদাই বদ্ধপরিকর।”
