২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দ্বিতীয়বার সেরা নিয়োগদাতা নির্বাচিত হল বিকাশ

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের চাকরির জগতে সেরা পছন্দ দেশের অন্যতম শীর্ষ মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ বলে এক জরিপের তথ্যে উঠে এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 07:50 PM

Updated : 02 Aug 2022, 03:09 PM

দেশের শীর্ষ ১৪টি বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষবর্ষ ও এমবিএ শিক্ষার্থীদের মাঝে পরিচালিত এক জরিপে বিকাশ ‘এমপ্লয়ার অব চয়েস’ নির্বাচিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়েলসন পরিচালিত ‘ক্যাম্পাস ট্র্যাক সার্ভে ২০২১’ এ জরিপে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকরির বাজারে বিকাশ তাদের প্রথম পছন্দ বলে জানিয়েছে।

বিকাশ জানায়, এ জরিপে ৫৩টি বহুজাতিক ও স্থানীয় কোম্পানির মধ্যে টানা ‍দ্বিতীয়বারের মতো সেরা পছন্দের নিয়োগদাতা ‘এমপ্লয়ার অব চয়েস’ নির্বাচিত হয়েছে বিকাশ। একই সঙ্গে টানা তৃতীয়বারের মত ‘ড্রিম এমপ্লয়ার’ হিসেবেও স্বীকৃতি পেয়েছে কোম্পানিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসন ২০১৩ সাল থেকে বাংলাদেশে জরিপটি পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালন পদ্ধতি ও ফলাফল বরাবরই সামঞ্জস্যপূর্ণ।

এদিকে বিকাশও প্রতিনিয়ত নিজেকে সমৃদ্ধ করছে, যার প্রতিফলন ২০২০ ও ২০২১ সালে ‘এমপ্লয়ার অব চয়েস’ এবং ২০১৯, ২০২০ ও ২০২১ সালে ‘ড্রিম এমপ্লয়ার’ স্বীকৃতি অর্জন।

জরিপ অনুসারে বিকাশ ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম, শিক্ষার্থীদের পছন্দ, আকর্ষণীয় বেতন কাঠামো, কাজের পরিবেশ, দক্ষতা বৃদ্ধির সুযোগ, চাকরির নিশ্চয়তা ও সন্তুষ্টি, এসব মানদণ্ডে অন্য কোম্পানি থেকে এগিয়ে সেরা বিবেচিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জরিপে ক্যাম্পাস রিক্রুটার ইনডেক্স (সিআরআই) সূচকের ভিত্তিতে ৫৩টি বহুজাতিক ও স্থানীয় কোম্পানির মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে বিকাশ।

প্রতিষ্ঠানের সুনাম, কাজের পরিবেশ, এবং ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম বিবেচনায় ‘ড্রিম কোম্পানি’ হিসেবে প্রথম অবস্থান ধরে রেখেছে কোম্পানিটি। ‘বেস্ট সিলেকশন প্রসেস’ ক্যাটাগরিতেও বিকাশ শীর্ষস্থান অর্জন করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাশ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি (এমটি) প্রোগ্রাম’ পরিচালনা করে থাকে। এতে ‘জেন-নেক্সট’ সর্বোচ্চ ক্যারিয়ার গ্রোথ নিশ্চিত করে, ফলে জরিপের আওতায় সবগুলো কোম্পানির মধ্যে বিকাশের এ এমটি প্রোগ্রাম সেরা হিসেবে বিবেচিত হয়েছে।

বিকাশ একই সঙ্গে পেইড ইন্টার্নশিপ প্রোগ্রাম ‘বি-নেক্সট’ পরিচালনা করে যেখানে শিক্ষার্থীরা কোম্পানির প্রকল্পগুলোর সঙ্গে সরাসরি কাজের অভিজ্ঞতার মাধ্যমে দক্ষতা অর্জন করে থাকে। পাশাপাশি, প্রতি বছর শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ৩৫টি ট্রেনিং, গ্রুমিং ও জ্ঞান বিনিময় সেশন আয়োজন করে থাকে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।