২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ পর্ষদে রুবানার জায়গায় নীলা

পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক সভাপতি রুবানা হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 11:23 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

সম্প্রতি তিনি পদত্যাগ করলে তার জায়গায় পর্ষদে এসেছেন ক্রনি গ্রুপের চেয়ারম্যান নীলা হোসনে আরা বলে জানিয়েছেন সংগঠনের সদস্য ফজলে শামীম এহসান।

নীলা হোসনে আরা ২০২১ সালের ৪ এপ্রিল অনুষ্ঠিত বিজিএমইএর দ্বিবার্ষিক নির্বাচনে বর্তমান সভাপতি ফারুক হাসানের প্যানেল সম্মিলিত পরিষদ থেকে প্রার্থী হয়ে পরাজিত হন।

নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া রুবানা হক গত ফেব্রুয়ারিতে চট্টগ্রামে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার বিজিএমইএর ওয়েবসাইটে বোর্ড অব ডিরেক্টরসের তালিকায় রুবানার পরিবর্তে নীলা হোসনে আরার নাম দেখা যায়।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নতুন উপাচার্য রুবানা হক  

বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুবানা হক নির্বাচিত হওয়ার পর কোনো পর্ষদ সভায় অংশ নেননি।

“আমরা উনাকে যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করেছি। বিগত দিনে অনেক গুরুত্বপূর্ণ কমিটিতে উনাকে রাখা হয়েছিল। গত মাসে এশিয়ান ইউনিভার্সিটির ফর উইমেনের উপাচার্য হওয়ার পর তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানিয়ে চিঠি দেন। সম্প্রতি আমরা ওনার পরিবর্তে আরেকজন নারীকে কোঅপট করে নিয়েছি।“

সম্মিলিত পরিষদের একজন নেতা জানান, রুবানা হকের পক্ষ থেকে তার প্যানেলের একজনকে নতুন পরিচালক করার পরামর্শ ছিল। কিন্তু বর্তমান পরিচালনা পর্ষদ চেয়েছে একজন নারীর পরিবর্তে আরেকজন নারীকে পর্ষদে আনতে। সেক্ষেত্রে নীলা ছিলেন নারীদের মধ্যে সর্বোচ্চ ভোটধারী।

এ পরিবর্তন নিয়ে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান ও রুবানা হককে ফোন করা হলেও তারা ধরেননি।

তবে পর্ষদের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচিত হওয়ার দুই মাস পর থেকেই টানা ছুটিতে ছিলেন রুবানা; সর্বশেষ পদত্যাগই করে বসলেন।

আগের কমিটির সভাপতি রুবানা হক গত নির্বাচনে ফোরাম নামের একটি প্যানেল নিয়ে নির্বাচন করেছিলেন। মোট ৩৫টি পদের মধ্যে তিনিসহ তার প্যানেলের ১১ জন নির্বাচিত হয়েছিলেন। বাকি ২৪টি পদে জিতেছিলেন ফারুক হাসানের নেতৃত্বে সম্মিলিত পরিষদ।