২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নতুন উপাচার্য রুবানা হক

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এডব্লিউইউ) উপাচার্য হিসাবে দায়িত্ব পেলেন বিজিএমইএ এর সাবেক সভাপতি রুবানা হক, যিনি এতদিন এ বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 12:03 AM

Updated : 02 Aug 2022, 02:56 PM

চট্টগ্রামের এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রুবানা হকের নতুন দায়িত্বপ্রাপ্তির খবর জানানো হয়।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম নারী সভাপতি রুবানা হক এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ট্রাস্ট্রি বোর্ডেরও সদস্য।

মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে পিএইচডি করেছেন। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন স্কুল অব বিজনেস এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এশিয়া সেন্টারের ফেলো তিনি।

উপাচার্য পদে অধ্যাপক নির্মলা রাওয়ের স্থলাভিষিক্ত হয়েছেন রুবানা হক। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী নির্মলা রাও গত পাঁচ বছর উপাচার্য পদে ছিলেন।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ট্রাস্টি বোর্ডের চেয়ার ও শিক্ষামন্ত্রী দীপু মনিকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “রুবানা হকের মতো অনুকরণীয় নেতা ও প্রশাসক পাওয়ার মাধ্যমে উন্নতির পরবর্তী পর্যায়ে যাবে এডব্লিউইউ। বিশ্ববিদ্যালয়কে উচ্চতর মেধাগত মানে নেওয়ার মাধ্যমে বিশেষ স্থানে পরিণত করবেন তিনি।”

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় রুবানা হক বলেন, “আমার কাছে এডব্লিউইউ সবসময় সৃজনশীলতা ও উদ্ভাবনের প্রতীক। বৃত্তি ও শিক্ষার প্রতি অদম্য অঙ্গীকার, শিক্ষকদের যোগ্যতা আর শিক্ষার্থীদের নিজস্বতা এই প্রতিষ্ঠানকে পুরো এশিয়ার মধ্যে ব্যতিক্রমী অবস্থানে নিয়ে গেছে।”

২০০৮ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে এশিয়ার ১৭টি দেশের ১ হাজার ১৬০ জন নারী শিক্ষার্থী পড়ালেখা করেন।