২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় ব্যবসা বন্ধ করল ম্যাকডনাল্ড’স, কোকা-কোলা, স্টারবাকস

ইউক্রেইনে ক্রেমলিনের সামরিক অভিযানের জেরে এবার রাশিয়ায় ব্যবসা স্থগিত করার ঘোষণা দিয়েছে কোকা-কোলা, ম্যাকডনাল্ড’স ও স্টারবাকসসহ বেশি কিছু বড় পশ্চিমা কোম্পানি, পেপসিকোও তাদের কিছু পণ্য সেদেশে বিক্রি বন্ধ রাখার কথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2022, 11:14 AM

Updated : 28 Apr 2022, 11:49 PM

মঙ্গলবার ম্যাকডনাল্ড’সের বরাতে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ভিত্তিক খাদ্যপণ্য ও রেস্তোরাঁ ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানটি রাশিয়াজুড়ে তাদের প্রায় ৮৫০টি রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আরেক কোম্পানি স্টারবাকসও জানিয়েছে সেদেশে তাদের ১০০টি কফি শপ বন্ধ রাখা হবে।

ম্যাকডনাল্ড’সের পক্ষ থেকে বলা হয়, ‘ইউক্রেইনে অকারণে মানবিক সংকট সৃষ্টির’ প্রতিক্রিয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে। কবে নাগাদ আবার রেস্তোরাঁগুলো চালু করা হবে তার ‘পূর্বাভাস দেওয়া অসম্ভব’ বলেও জানিয়েছে তারা।

কোম্পানি এও জানিয়েছে, রাশিয়ায় তাদের প্রায় ৬২ হাজার কর্মীকে তারা বেতন দিয়ে যাবে। রাশিয়ায় পণ্য সরবরাহ নিয়েও জটিলতা ছিল বলে জানিয়েছে ম্যাকডোনাল্ড’স।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ম্যাকডনাল্ড’স মূলত ফ্রাঞ্চাইজি বা অন্য পক্ষের সঙ্গে চুক্তির মাধ্যমে ব্যবসা পরিচালনা করে থাকে। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে বিষয়টি আলাদা। সেখানে ৮৪ শতাংশ রেস্তোরাঁ ম্যাকডনাল্ড’স নিজেই পরিচালনা করে। ২০২১ সালেও কোম্পানির মোট আয়ের ৯ শতাংশ এসেছে রাশিয়া থেকে।

রয়টার্স লিখেছে, ১৯৯০ সালে মস্কোর পুশকিন স্কয়ারে যখন রাশিয়ার প্রথম ম্যাকডনাল্ড’স রেস্তোরাঁর শাখা খোলা হয়, সেটি ছিল একটি ‘ঐতিহাসিক’ ঘটনা।

রাশিয়ায় ম্যাকডনাল্ড’সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মার্ক ক্যারেনা ২০২০ সালে এক সাক্ষাৎকারে ওই ঘটনাটিকে বর্ণনা করেছিলেন ‘পশ্চিমের জন্য রাশিয়ার দুয়ার খুলে দেওয়ার প্রতীক’ হিসেবে।

যুদ্ধের কারণে ম্যাকডনাল্ড’স ইউক্রেইনেও তাদের ১০৮টি রেস্তোরাঁ সাময়িক বন্ধ রেখেছে এবং সেখানকার কর্মীদের বেতন দিয়ে যাচ্ছে। এছাড়া তারা সেখানকার কর্মী সহায়তা তহবিলে ৫০ লাখ ডলার অনুদানও দিয়েছে।

তবে রেস্তোরাঁ ব্যবসা বন্ধ রাখলেও রোনাল্ড ম্যাকডনাল্ড’স হাউজ চ্যারিটিজের কার্যক্রম ইউক্রেইন ও রাশিয়ায় অব্যাহত থাকবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

ইউক্রেইনে যুদ্ধের শুরু থেকেই ম্যাকডনাল্ডস, কোকা-কোলার মতো কোম্পানিগুলো রাশিয়ায় ব্যবসা চালিয়ে যাওয়া নিয়ে চাপের মুখে পড়েছিল। সোমবারও টুইটারে বয়কটম্যাকডনাল্ড’স এবং বয়কটকোকাকোলা হ্যাসট্যাগ চলছিল।

ম্যাকডনাল্ড’স ব্যবসা স্থগিত করার ঘোষণা দেওয়ার পরপরই স্টারবাকসও রাশিয়ায় তাদের ব্যবসা সাময়িক বন্ধের ঘোষণা দেয়।

সিএনএন জানিয়েছে, মঙ্গলবার কর্মীদের উদ্দেশে লেখা এক বার্তায় স্টারবাকসের প্রধান নির্বাহী কেভিন জনসন বলেন, “আজ আমরা রাশিয়ায় আমাদের সব ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিচ্ছি।”

স্টারবাকসের পণ্যও রাশিয়ায় বিক্রি বন্ধ রাখা হবে বলে জানান তিনি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাশিয়ায় তাদের ব্যবসা পরিচালনাকারী কুয়েত ভিত্তিক কোম্পানি আলশায়া গ্রুপ সেদেশে স্টারবাকসের ২ হাজার কর্মীর বেতন চালিয়ে যাবে। স্টারবাকসের নিবন্ধন নিয়ে রাশিয়ায় ১০০টির বেশি কফি শপ পরিচালনা করে আসছে আলশায়া গ্রুপ।

বেভারেজ কোম্পানি কোকা-কোলাও মঙ্গলবার জানিয়েছে, তারা রাশিয়ায় ব্যবসা স্থগিত করছে। কোম্পানির মোট আয়ের ২ শতাংশ আসে রাশিয়ার বাজার থেকে। এছাড়া তারা রাশিয়ায় বোতলজাতকরণ ব্যবসার ২০ শতাংশের মালিকানা নিয়ন্ত্রণ করে।

তবে কোকা-কোলার অন্যতম প্রতিদ্বন্দ্বী পেপসিকো রাশিয়ায় তাদের ব্যবসা এখনই পুরোপুরি বন্ধ করছে না। সেদেশের তাদের ব্যবসা কোকা-কোলার চেয়ে অনেক বেশি বিস্তৃত।

পেপসির পক্ষ থেকে জানানো হয়েছে ইউক্রেইনের ‘ভয়ঙ্কর’ পরিস্থিতির প্রেক্ষাপটে তারা রাশিয়ায় মূলধন বিনিয়োগ এবং বিজ্ঞাপনী ব্যয় স্থগিত করেছে। একইসঙ্গে তারা রাশিয়ায় পেপসি ও অন্যান্য আন্তর্জাতিক কোমল পানীয়র উৎপাদনও বন্ধ রাখছে। তবে তাদের অন্যান্য পণ্যের বিক্রি চালু থাকবে বলে জানানো হয়েছে।

রয়টার্স জানায়, রাশিয়ায় পেপসির ব্যবসা অন্য অনেক পশ্চিমা কোম্পানির তুলায় অনেক আগেই শুরু হয়। স্নায়ু যুদ্ধ চলার সময় ১৯৭০ দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নে ব্যবসা শুরু করে পেপসিকো। বর্তমানে রাশিয়ায় কোম্পানির ২০ হাজার কর্মী কাজ করছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক আরেক খাদ্যপণ্য কোম্পানি কেএফসি ও পিৎজা হাটও রাশিয়ায় তাদের মালিকানাধীন রেস্তোরাঁগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এই ফুড চেইন শপের মালিক ইয়াম ব্র্যান্ড জানিয়েছে রাশিয়ায় তাদের মালিকানাধীন ৫০টি রেস্তোরাঁ বন্ধ রাখা হবে এবং তারা সেদেশে উন্নয়ন ও রেস্তোরাঁ খাতে বিনিয়োগও স্থগিত রাখবে।

যদিও রাশিয়ায় কেএফসি ও পিৎজা হাটের এক হাজার রেস্তোরাঁর বেশিরভাগই ফ্র্যাঞ্জাইজি চুক্তির মাধ্যমে পরিচালিত। একই পরিস্থিতি যুক্তরাষ্ট্রভিত্তিক আরেকটি জনপ্রিয় চেইন শপ পাপা জোনসের ক্ষেত্রেও।

সিএনএন জানিয়েছে, ব্যবসা স্থগিতের ঘোষণা আসার আগে নিউ ইয়র্কের স্টেট কম্পট্রোলার থমাস ডিনাপোলি রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ করতে ম্যাকডনাল্ড’স, পেপসিকো এবং অন্যান্য কোম্পানির প্রতি আহ্বান জানান।

ডিনাপোলি এসব কোম্পানিকে ইমেইল করে রাশিয়ায় ব্যবসা বন্ধ রাখতে বলেন, যেসব কোম্পানি নিউ ইয়র্ক স্টেট কমন রিটায়ারমেন্ট ফান্ডের প্রতিনিধিত্ব করছে। এক বিবৃতিতে এসব কোম্পানিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “যুদ্ধের এমন একটি ঝুঁকিপূর্ণ সময়ে রাশিয়ায় ব্যবসা করার বিষয়টি বিবেচনা করা দরকার।”

ইউক্রেইনে মস্কোর আক্রমণের জেরে এরআগে নেটফ্লিক্স ও লিভাই’সের মতো ডজনখানেক বহুল পরিচিত ব্র্যান্ড রাশিয়ায় তাদের ব্যবসা ও সেবা স্থগিত করার ঘোষণা দেয়।

নেদারল্যান্ড ভিত্তিক বহুজাতিক কোম্পানি ইউনিলিভারও মঙ্গলবার জানিয়েছে তারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য স্থগিত করছে এবং সেদেশে বিনিয়োগ, বিজ্ঞাপন ও গণমাধ্যম খাতের খরচও বন্ধ রাখার কথা জানিয়েছে।

তবে রাশিয়ায় উৎপাদিত ‘নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য ও সুরক্ষা সামগ্রী’ সরবরাহ অব্যাহত রাখার কথা জানিয়েছে ইউনিলিভার।

কসমেটিক পণ্যের বিশ্বের বৃহত্তম ব্র্যান্ড ল’রিয়েলও রাশিয়ায় তাদের ব্যবসা ও অনলাইনে পণ্য বিক্রি স্থগিত করার ঘোষণা দিয়েছে।

তবে বেশ কিছু কোম্পানি রাশিয়ায় তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ার পক্ষে যুক্তি দিয়েছে। যেমন জাপানের পোশাক পণ্যের ব্র্যান্ড ইউনিক্লোর মালিক তাদাশি ইয়ানাই বলেছেন, “পোশাক জীবনযাপনের অপরিহার্য চাহিদা।”