চট্গ্রামের হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রামের মা-শিশু ও জেনারেল হাসপাতালে একটি অক্সিজেন প্লান্ট অনুদান দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
এই লক্ষ্যে চট্টগ্রামের মা ও শিশু জেনারেল হাসপাতালের সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি করেছে ব্যাংকটি।
এর আওতায় হাসপাতালে স্বয়ংসম্পূর্ণভাবে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহে সক্ষম প্রেসার সুইং আবসর্পশন (পিএসএ) অক্সিজেন প্ল্যান্ট অনুদান দেওয়া হয়েছে। এই প্ল্যান্টের মোট ধারণক্ষমতা প্রতি মিনিটে ৪৩৬ লিটার।
মা-শিশু ও জেনারেল হাসপাতালসহ মোট তিনটি হাসপাতালে পিএসএ অনুদানের ঘোষণা দিয়েছিল ব্যাংকটি। এই প্ল্যান্টগুলোর মোট ধারণক্ষমতা প্রতি মিনিটে ১ হাজার ৭০০ লিটার পর্যন্ত।
বৃহস্পতিবার চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে প্লান্টের কার্যক্রম উদ্বোধন করা হয় বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয়, করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের প্রধান বিটপী দাস চৌধুরী, চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক এম এ তাহের খান, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের পরিচালক অধ্যাপক ডা. ওয়াজির আহমেদ উপস্থিত ছিলেন।
নাসের এজাজ বলেন, “করোনাভাইরাস মহামারী আমাদের সমাজ ব্যবস্থার ত্রুটিগুলো দেখিয়ে দিয়েছে। মহামারীর চ্যালেঞ্জ মোকাবেলায় মানুষের দাঁড়ানোর লক্ষ্য স্থির করেছিল স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক।
“এই লক্ষ্য পূরণে চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালকে অংশীদার হিসেবে পেয়ে আমরা কৃতজ্ঞ। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তাদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার মাধ্যমে কোভিডে ক্ষতিগ্রস্তদের সাহায্য কার্যক্রম অব্যাহত রাখবো।”
অধ্যাপক তাহের খান বলেন, করোনাভাইরাস মহামারীতে বিশ্ববাসী কঠিন সময় পার করছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
“”এই সময় হাসপাতালে ভর্তি রোগীদের জন্য সবচেয়ে জরুরি পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা। আমাদের করোনা ইউনিটের জন্য অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থা করায় স্ট্যান্ডার্ড চার্টার্ডকে অসংখ্য ধন্যবাদ। এটি অক্সিজেনের ক্রমাগত সরবরাহ বজায় রাখতে আমাদের ব্যাপকভাবে সাহায্য করবে।”
