২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ হাজার টন টমেটো সংগ্রহ করতে চায় প্রাণ

বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তৈরির জন্য দেশের বিভিন্ন জেলার কৃষকদের কাছ থেকে সরাসরি টমেটো সংগ্রহ করছে দেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী কোম্পানি প্রাণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2022, 08:31 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

চলতি বছর তারা ১২ হাজার মেট্রিক টন টমেটো সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ি বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও নাটোরের একডালায় প্রাণ এগ্রো লিমিটেড কারখানার মাধ্যমে জানুয়ারির শেষ সপ্তাহে টমেটো সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম টমেটোর সরবরাহ থাকা পর্যন্ত চলবে।

প্রাণ জানিয়েছে, নিজস্ব চুক্তিভিত্তিক টমেটো চাষীদের কাছ থেকে তারা টমেটো সংগ্রহ করছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, খুলনাসহ দেশের কয়েকটি জেলার প্রায় সাড়ে ১০ হাজার চাষির সঙ্গে চুক্তি রয়েছে প্রাণের।

বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার সারোয়ার হোসেন বলেন, “রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাশ্ববর্তী জেলাগুলোতে প্রচুর টমেটোর চাষ হয়। প্রতি বছরের মত এবারও আমাদের চুক্তিভিত্তিক টমেটো চাষীদের কাছ থেকে ব্যাপকভাবে টমেটো সংগ্রহের কার্যক্রম চলছে এবং সেগুলো কারখানায় এনে পাল্পিং করা হচ্ছে।”

প্রাণের চাষীরা এবছর প্রায় এক হাজার বিঘা জমিতে টমেটো চাষ করেছেন বলে জানান তিনি।

“বাজার দরে তাদের কাছ থেকে এসব টমেটো সংগ্রহ করে কারখানায় আনার পর কোনো হাতের স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয় মেশিনে অ্যাসেপটিক পদ্ধতিতে পাল্প সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। এরপর এসব পাল্প থেকে পণ্য উৎপাদন করতে বিভিন্ন কারখানায় পাঠিয়ে দেওয়া হয়।”  

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে টমেটো থেকে উৎপাদিত সস-কেচাপের প্রচুর চাহিদা রয়েছে বলে জানান প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল।

“বর্তমানে প্রাণের সস-কেচাপ ভারত, মালেয়শিয়া, সংযুক্ত আরব আমিরাত, আমেরিকা, ইটালি, সুইডেনসহ বিভিন্ন দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে। এই বাজার আরও বাড়াতে কাজ করছে প্রাণ গ্রুপ। তাই যত বেশি বাজার তৈরি হবে, কৃষকরা তত বেশি লাভবান হবেন।“