তরল দুধে ভর্তুকি চান খামারিরা
সয়াবিন মিল রপ্তানি বন্ধ রাখার আগের সিদ্ধান্ত সরকার স্থগিত করায় উৎপাদনকারী কোম্পানিগুলো দফায় দফায় দাম বাড়িয়ে চলেছে বলে অভিযোগ করেছেন গবাদি পশুর খামার মালিকরা।
এ অবস্থায় খামারিদের উৎপাদিত তরল দুধের দামের উপর ভর্তুকি অথবা ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য সরকারের কাছে আবেদন করেছে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন।
সংগঠনটির সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, “পশু খাদ্যের মধ্যে শুধু সয়াবিন মিল নয়, অন্যান্য সকল পণ্যের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। রপ্তানির কারণে গত তিন মাসে পশু খাদ্যের মূল্য প্রায় ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে...।”
“এর প্রভাবে মাংসের দাম আজকে ঊর্ধ্বগতি এবং দুগ্ধ খামারিদের উৎপাদন খরচ বেড়ে দাঁড়িয়েছে ৪০ থেকে ৫০ টাকা।”
ভর্তুকি অথবা ন্যায্যমূল্য নির্ধারণের দাবি ব্যাখ্যা করে লিখিত বক্তব্যে তিনি বলেন, “গত দশ বছরে মুদ্রাস্ফীতি আট শতাংশ বৃদ্ধি হলেও খামারিদের তরল দুধের দাম বাড়েনি এক টাকা।
“মিল্কভিটাসহ দেশের প্রাইভেট অন্যান্য সংস্থা ৩২ থেকে ৪২ টাকা লিটার দুধ সংগ্রহ করে থাকে। অথচ দুধের উৎপাদন খরচই হয় ৪০ থেকে ৫০ টাকা এলাকাভেদে।”
ইমরান অভিযোগ করেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময়ে তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও মন্ত্রণালয় কর্মকর্তাদের বদলি ও অবসর গ্রহণের কারণে দাবি বাস্তবায়নে তেমন কোনো কার্যকর পদক্ষেপ তারা দেখছেন না।
সয়াবিন মিল রপ্তানি বন্ধের দাবি
প্রতিবেশী দেশগুলোতে চাহিদা বেড়ে যাওয়ায় সয়াবিন মিল রপ্তানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ। পোলট্রি ও গবাদিপশুর খাদ্য তৈরির গুরুত্বপূর্ণ এ কাঁচামাল রপ্তানি শুরুর পর তখনও দেশের বাজারে এ পণ্যের দাম বাড়তে থাকে।
ওই সময়ও পোলট্রি খামারিরা সয়ামিল বন্ধের দাবি জানিয়েছিলেন। পরে সয়াবিন মিল রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে সরকার; যা ২০২১ সালের ১৪ অক্টোবর থেকে কার্যকর হয়।
তবে এ বছর ৬ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে সয়াবিন মিল রপ্তানি বন্ধে গতবারের আদেশ প্রত্যাহারের কথা বলা হয়।
সেই আদেশে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের গত ৩ ফেব্রুয়ারির নির্দেশনা অনুসারে সয়াবিন মিলের চাহিদা ও সরবরাহ বিবেচনায় সয়াবিন মিলের রপ্তানি কেস টু কেস ভিত্তিতে অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।
এ প্রেক্ষিতে সয়াবিন মিল রপ্তানি বন্ধের দাবি জানিয়ে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ”বর্তমানে বাংলাদেশের সকল ফিড মিলগুলোর চাহিদা মেটানোর জন্য সয়াবিন মিল দেশীয় সয়াবিন তৈল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ছাড়াও ভারত, আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।
“আমাদের দেশে সয়াবিন মিলের মোট চাহিদা বছরে প্রায় ১৮ থেকে ২০ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৭৫ থেকে ৮০ ভাগ দেশীয় সয়াবিন তৈল উৎপাদকারি প্রতিষ্ঠান হতে এবং অবশিষ্ট ২০ থেকে ২৫ ভাগ আমদানির করা হয়। যেখানে নিজেদের প্রয়োজন মেটাতে ফিডমিলগুলো সয়াবিন মিল প্রতিনিয়ত আমদানি করে আসছে সেখানে সয়ামিল রপ্তানির সিদ্ধান্ত দেশের জন্য আত্মঘাতী।”
পোল্ট্রি, ডেইরি ও প্রাণিখাদ্য তৈরিতে ভুট্টা, সয়াবিন মিল, গম, আটা ময়দা, ভাঙ্গা চাল, চালের কুড়া, ফিশ মিল, সরিষার খৈল, তৈল, ভিটামিন, মিনারেল ইত্যাদি কাঁচামাল ব্যবহার হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ভুট্টা ও সয়াবিন মিল। পোল্ট্রি ও গবাদিপশুর দেহ গঠনে সয়াবিল মিল খাওয়ানো হয়।
সয়াবিন বীজ থেকে সয়াবিন তেল তৈরির পর যে অংশ থাকে তা পশু ও মৎস্য খাদ্য হিসেবে ব্যবহার হয়; একেই সয়াবিন মিল বলা হয়।
জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার প্রাণিজ খাদ্যের প্রোটিন উপকরণ ‘মিট অ্যান্ড বোন মিল’ আমদানি সম্পূর্ণ ভাবে বন্ধ হওয়ায় দেশীয় ফিডমিলগুলো এখন সম্পূর্ণ ভাবে সয়াবিন মিলের উপর নির্ভর করছে।
“তাই আমরা মনে করি, সয়াবিন মিল রপ্তানি বন্ধের পাশাপাশি মান নিয়ন্ত্রণের মাধ্যমে এমবিএম আমদানি আবার শুরু করা হোক”, বলেন ইমরান হোসেন।
সংবাদ সম্মেলনে দেশে পশুখাদ্যর মূল্য নিয়ন্ত্রণ ও উপজেলা পর্যায়ে টিসিবির মাধ্যমে পশুখাদ্য পৌঁছে দেওয়ারও দাবি জানানো হয়।
ইমরান বলেন, বর্তমানে মণপ্রতি গমের ভূষি ৮৫০ টাকা থেকে বেড়ে ১৪৫০ টাকা, কুড়া ৩৫০ টাকা থেকে বেড়ে ৮৫০ টাকা, বুটের ভূষি ১১০০ টাকা থেকে ১৪০০ টাকা, মটর ডালের ভূষি ৬০০ টাকা থেকে বেড়ে ৮০০ টাকা, মশুরি ভূষি ৭০০ টাকা থেকে ১০০০ টাকা হয়েছে।
’পশুখাদ্য ব্যবসায়ী সিন্ডিকেশন বন্ধ করে’ এ খাতে কঠোর নজরদারি আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
হিমায়িত মহিষের মাংস আমদানি বন্ধের দাবি
সংবাদ সম্মেলনের হিমায়িত মহিষের মাংস আমদানি বন্ধের দাবি জানিয়ে ইমরান হোসেন বলেন, “প্রধানমন্ত্রীর ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পকে বাস্তব রূপ দিয়েছে এদেশের হাজারো যুবক। দেশের ক্রমবর্ধমান প্রাণিজ আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে গবাদিপশু ও হাঁস-মুরগির টেকসই জাত উন্নয়ন ও রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে মাংস, দুধ ও ডিমের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
“গত দশ বছরে মাংসের উৎপাদন প্রায় সাত গুণ, দুধের উৎপাদন চার দশমিক ছয় সাত গুণ এবং ডিমের উৎপাদন প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে।”
২০১৯-২০ অর্থবছরে মাংস বাৎসরিক উৎপাদন হয়েছে ৭৬ দশমিক ৭৫ লাখ মেট্রিক টন, দুধ বাৎসরিক উৎপাদন হয়েছে ১০৬ দশমিক ৮০ লাখ মেট্রিক টন ও ডিম বাৎসরিক উৎপাদন হয়েছে ১৭৩৬ কোটি।
সংবাদ সম্মেলনে বলা হয়, জনপ্রতি প্রতিদিন ১২০ গ্রাম মাংস এবং সপ্তাহে দুটি ডিম সরবরাহে স্বয়ংসম্পূর্ণতা অর্জন হয়েছে এবং দুধে জনপ্রতি প্রাপ্যতা ১৭৫ মিলিলিটার উন্নীত হয়েছে।
সংগঠনটি সাধারণ সম্পাদক শাহ এমরান বলেন, “দুগ্ধ ও মাংস খামারের বিদ্যুৎ ও পানির বিল বাণিজ্যিক বিলের আওতায় থাকার কারণে দুগ্ধ ও মাংসের উৎপাদন খরচ অত্যাধিক।”
এ কারণে বিদ্যুৎ বিল এবং পানির বিল কৃষির আওতায় আনার দাবি মোটেই অযৌক্তিক নয়, বলেন তিনি।
শাহ এমরান বলেন, “ভারতেও অভ্যন্তরীণ সংকট ও মূল্য বৃদ্ধি হলে চাল, পেঁয়াজসহ অন্যান্য পণ্যের রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। অথচ আমাদের দেশে শিল্পের স্বার্থে রপ্তানি উন্মুক্ত করে দিয়ে কার্যত দেশীয় ডিম, দুধ, মাছ, মাংস ও ফিড উৎপাদনকারি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারতে বাংলাদেশের চেয়ে সয়াবিন মিলের দাম বেশি থাকায় ভারতেই তা রপ্তানি হচ্ছে।
“তবে সেই দেশের ডেইরি দুধ ও অন্যান্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সরকার ২৫ শতাংশ ভর্তুকি দেয়। তাই উৎপাদন বেশি হলেও লোকসান হয় না সে দেশের ব্যবসায়ীদের।“
