এমআই সিমেন্ট এখন ‘ক্রাউন সিমেন্ট পিএলসি’
পুঁজিবাজারে তালিকাভুক্ত এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড নাম বদলে এখন ‘ক্রাউন সিমেন্ট পিএলসি’।
পুঁজিবাজারে তালিকাভুক্ত এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড নাম বদলে এখন ‘ক্রাউন সিমেন্ট পিএলসি’।
ব্যবসায়িক পরিকল্পনা এবং কোম্পানির উৎপাদিত পণ্যের (ব্র্যান্ডের) নামের সঙ্গে সামঞ্জস্য রাখার কৌশল হিসেবে নাম পরিবর্তন করা হয়েছে বলে এমআই সিমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
তবে নাম পরিবর্তন ছাড়া কোম্পানির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে এতে জানানো হয়।
কোম্পানিটি জানায়, দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ায় কোম্পানিটির নতুন নাম ও ট্রেডিং কোড ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অনুমোদনের পর পরিবর্তন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমআই সিমেন্ট ফ্যাক্টরি ১৯৯৪ সালের ৩১ ডিসেম্বর যাত্রা শুরু করে ‘ক্রাউন সিমেন্ট’ ব্র্যান্ডের সিমেন্ট উৎপাদন ও বিপণন করে আসছে।
এতে বলা হয়, ব্যবসায়িক কৌশল ও পণ্যের গুণগত মানের কারণে ক্রাউন সিমেন্ট দেশের বাজারে সুপরিচিত একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিদেশের বাজারেও একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। বাংলাদেশ থেকে সিমেন্ট রপ্তানির সিংহ ভাগ মার্কেট শেয়ার ক্রাউন সিমেন্টের দখলে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু কোম্পানিটি এমআই সিমেন্ট ফ্যাক্টরি নামে পরিচালিত হয়ে আসছিল, তাই অনেকেই ‘ক্রাউন সিমেন্ট’ ব্র্যান্ডের সঙ্গে সংযোগ স্থাপনে দ্বিধাদ্বন্দ্বে থাকতেন। তাই কোম্পানির নাম বনাম কোম্পানির পণ্যের (ব্র্যান্ডের) নামের সঙ্গে সামঞ্জস্য নিয়ে আসতে নাম পরিবর্তন করা হয়েছে।
