২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহামারীতে ক্ষতিগ্রস্ত মানুষের কর্মসংস্থানে হাত মেলালো স্ট্যান্ডার্ড চার্টার্ড ও সাজিদা ফাউন্ডেশন

দেশের শহর এলাকায় মহামারীতে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র্য মানুষকে চাকরি বা ব্যবসার উন্নয়নে সহায়তা দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সাজিদা ফাউন্ডেশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 10:42 AM

Updated : 02 Aug 2022, 02:59 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছে, এ উদ্যোগের প্রথম ধাপে মহামারীর প্রভাবে জীবিকা হারানো ঢাকা, চট্টগ্রাম ও চাঁদপুরের ৩০০ সুবিধাবঞ্চিতকে এ সহায়তা দেওয়া হবে।

সাজিদা ফাউন্ডেশন পরিচালিত এক জরিপের তথ্য অনুযায়ী, শহরাঞ্চলে দারিদ্র্যসীমার নিচে অবস্থানকারী জনগোষ্ঠীর ৭৭.৫ শতাংশ মানুষ কোভিড মহামারীর প্রভাবে কাজ হারিয়ে অথবা খুবই কম বেতনে চাকরি করে সংগ্রাম করছেন।

এদের মধ্যে ৪১.৯ শতাংশ মানুষ এতই দরিদ্র যে তারা কোভিডে আক্রান্ত হলে চিকিত্সার খরচ বহন করতেও সক্ষম নন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বলছে, এখন পর্যন্ত তারা ইউসিইপি ও ব্র্যাক এর সহায়তায় দেড় হাজারের বেশি মানুষকে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিয়েছে।

সাজিদা ফাউন্ডেশনের সঙ্গে তাদের নতুন উদ্যোগের আওতায় শহর এলাকার দরিদ্র জনগোষ্ঠীদের চাহিদা ও সক্ষমতার ভিত্তিতে কর্মসংস্থান-কেন্দ্রিক প্রশিক্ষণ দিয়ে দক্ষতা উন্নয়ন করা হবে। পরে তাদের চাকরির সুযোগ দেওয়া হবে।

এরইমধ্যে শিক্ষানবিশদেরর জন্য তিন মাসের প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে, যেখানে টেইলারিং, ওয়েল্ডিং, ইলেকট্রিক্যালসহ অন্যান্য কাজের প্রাথমিক ধারণা দেওয়া হচ্ছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “কোভিড-১৯ মহামারীর সাথে চূড়ান্ত লড়াইটা মূলত আমাদের তৃণমূলেরই লড়তে হয়।”

তিনি বলেন, “জাতি গঠনের নিরন্তর প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে সবসময় অব্যাহত থাকবে। এই প্রচেষ্টায় এবং আগামী চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সহায়ক হিসেবে আমরা আরও সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠানকে আমাদের পাশে পাব বলে আমি আশাবাদী।”

সাজিদা ফাউন্ডেশনের সিইও জাহিদা ফিজ্জা কবির বলেন, “বিশ্বব্যাপী অসচ্ছল পরিবারদের জন্য কোভিড-১৯ শুধু স্বাস্থ্যসেবা খাতেই নয় বরং অর্থনীতি ও জীবিকার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।”

তিনি বলেন, “এই পরিবারগুলোর জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি; যাতে তারা আগামী দিনগুলিতে এরূপ পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়।”