২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো বিক্রির পূর্বাভাসেও ফাইজারের শেয়ারের দরপতন, বিনিয়োগকারীরা চান আরও বেশি

ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার ইনকরপোরেশন আশা করছে, চলতি বছর তাদের কোভিড-১৯ এর টিকা এবং ভাইরাস প্রতিরোধক পিলের বিক্রি ৫ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে; তবে তাতে সন্তুষ্ট নন বিনিয়োগকারীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2022, 01:03 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ফাইজারের আর্থিক হিসাবের এই পূর্‌বাভাস আসার পর ওয়াল স্ট্রিটে এ কোম্পানির শেয়ারের দর ৩ শতাংশ পড়ে যায়।

ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোরলা বলেন, মুখে খাওয়ার কোভিড পিল- প্যাক্সলোভিডের চূড়ান্ত বিক্রির পরিমাণ হয়ত তাদের পূর্বাভাসের চেয়ে ‘অনেক বেশি’ হতে পারে, যেহেতু এখনকার পূর্বাভাসটি করা হয়েছে যেসব চুক্তি চূড়ান্ত হওয়ার পর্যায়ে রয়েছে, সেগুলোর ওপর ভিত্তি করে।

ফাইজার আশা করছে ২০২২ সালে তাদের কোভিড চিকিৎসা পণ্যের বিক্রি দাঁড়াবে ২ হাজার ২০০ কোটি ডলারে। তবে ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল, এই অংক হবে ২ হাজার ২৮৮ কোটি ডলার।

বাজার বিশ্লেষকদের সঙ্গে একটি কনফারেন্স কলে ফাইজারের প্রধান নির্বাহী বলেন, “এ বছর আমরা ১২ কোটি চিকিৎসা পণ্য উৎপাদনের প্রস্তুতি নিয়েছি, কোভিড পণ্য তার একটি ক্ষুদ্র অংশ মাত্র।”

ওষুধ কোম্পানিটি যুক্তরাষ্ট্রের কাছে প্যাক্সলোভিড পিলের ২ কোটি ডোজ বিক্রি করছে প্রতি কোর্স ৫৩০ ডলার দরে। বোরলা জানিয়েছেন, অর্ডারের আকারের কারণেই বিশেষ এই দর নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, বেশিরভাগ ধনী দেশের জন্য তাদের এই কোর্সের দাম প্রতিদ্বন্দ্বী ওষুধ কোম্পানি মেরক অ্যান্ড কোম্পানির মুখে খাওয়ার পিল মোলনুপিরাভিরের আশেপাশেই থাকবে, যুক্তরাষ্ট্র যেটার প্রতি কোর্সের দাম ৭০০ ডলারের আশেপাশে দিচ্ছে।

ফাইজারের প্রধান নির্বাহী বলেন, প্যাক্সলোভিড নিয়ে তারা ১০০টির বেশি দেশের সঙ্গে আলোচনায় আছেন, এবং প্রয়োজনে ১২ কোটির বেশি কোর্স সরবরাহ করার সক্ষমতা তাদের রয়েছে।

তবে জার্মানির বায়োএনটেকের সঙ্গে উদ্ভাবন করা কোভিড টিকার বিক্রি আগের পূর্বাভাস অনুযায়ী ৩ হাজার ২০০ কোটি ডলারের বেশি নাও হতে পারে, যা ২০২১ সালের চেয়ে ১৩ শতাংশ কম।

গত বছর যুক্তরাষ্ট্রের এই ওষুধ উৎপাদক প্রতিষ্ঠানটি কয়েকবার তাদের বিক্রির পূর্বাভাস বাড়িয়েছে, যেহেতু বিশ্বজুড়ে তারা টিকা সরবরাহের অনেকগুলো চুক্তি করতে পেরেছিল।

২০২২ সালে ফাইজারের সার্বিক বিক্রির প্রত্যাশা ছিল ৯ হাজার ৮০০ থেকে ১০ হাজার ২০০ কোটি ডলারের মধ্যে, এটাও ওয়াল স্ট্রিটের প্রত্যাশিত ১০ হাজার ৫৪৮ কোটি ডলারের চেয়ে কম।

ব্রাইট ট্রেডিং এলএলসির ডেনিস ডিক বলেন, “পেছনের পথের দিতে তাকিয়ে ফাইজারের সামনের পথ চলা এখন খুব আশাপ্রদ মনে হচ্ছে না এবং এ কারণেই একটি মোটামুটি ভালো আর্থিক প্রতিবেদন প্রকাশের পরেও শেয়ারের দাম নেমে গেছে।”

ফাইজারের প্রধান ব্যবসা উদ্ভাবন কর্মকর্তা আমির মালিক বলেন, “অধিগ্রহণের পরিকল্পনা অবশ্যই আমাদের বিবেচনায় আছে।”

কিছু বিনিয়োগকারী আশা করছেন, কোভিড পণ্য বিক্রি থেকে অর্জিত এই বিপুল আয় প্রতিষ্ঠানের ভবিষ্যত প্রবৃদ্ধির চালিকাশক্তি হবে।

ফাইজার জানিয়েছে, তারা প্যাক্সলোভিডের পরবর্তী প্রজন্ম নিয়ে কাজ করছে, যা উচ্চ ঝুঁকিতে থাকা কোভিড রোগীদের চিকিৎসায় প্রয়োগ করা যাবে।

ক্লিনিক্যাল ট্রায়ালে প্রতিদ্বন্দ্বী মেরকের পিলের চেয়ে প্যাক্সলোভিড উল্লেখযোগ্য মাত্রায় ভালো ফল দেখিয়েছে। প্রথমটির কার্যকারিতা ৩০ শতাংশ, পরেরটির ৯০ শতাংশ।