মোটর সাইকেল পুরস্কার পেল বিকাশের সেরা ১০ এজেন্ট
গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ‘অনন্য অবদান’ রাখার স্বীকৃতি হিসাবে সেরা ১০ এজেন্টকে মোটর সাইকেল পুরস্কার দিয়েছে বিকাশ।
সোমবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশের বিকাশের সব এজেন্টদের মধ্য থেকে এই ১০ ’স্টার এজেন্টকে’ বাছাই করা হয়।
শনিবার বিকাশের প্রধান কার্যালয়ে স্টার এজেন্টদের কাছে মটরসাইকেলগুলো হস্তান্তর করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।
পুরস্কারপ্রাপ্ত ১০ এজেন্ট হলেন- বরিশালের হেলাল উদ্দিন, বগুড়ার মোহাম্মদ কাদের, চট্টগ্রামের আলী হোসেন, কুমিল্লার মাসুদ আলম, ঢাকা উত্তরের শিব শংকর হালদার, ঢাকা দক্ষিণের ওমর ফারুক, খুলনার ওয়াহিদুজ্জামান, ময়মনসিংহের কাওসার আকবর, রংপুরের শারিক আলম এবং সিলেটের নাজমুল আলম।
মোবাইলে আর্থিক সেবাদাত প্রতিষ্ঠান বিকাশ বলছে, যাত্রা শুরুর সময় থেকে গত এক দশকে দেশের প্রতিটি প্রান্তে প্রায় তিন লাখ এজেন্ট নিয়ে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে তারা।
”‘হিউম্যান এটিএম’ হিসেবে খ্যাত এই বিকাশ এজেন্টরা মোবাইল আর্থিক সেবাকে সাধারণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সব সময়।”
জরুরিসহ যেকোন প্রয়োজনে নিরবচ্ছিন্ন সেবা পেতে গ্রাহকরা বিকাশ এজেন্টদের উপর আস্থা রাখছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ”এজেন্ট হিসেবে কর্মসংস্থানের মাধ্যমে নিজের ও পরিবারের জীবনমানও উন্নয়ন করেছেন তারা।”
এজেন্টদের পেশাগত দক্ষতা উন্নয়ন, এমএফএস সংক্রান্ত বিধিবিধান প্রতিপালনে সর্তক থাকাসহ নানা বিষয়ে কর্মশালা এবং জীবনমান উন্নয়নে জীবন বীমা, স্বাস্থ্য বীমা, সন্তানদের জন্য শিক্ষাবৃত্তিসহ নানান উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানিয়েছে বিকাশ।
