২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের দাম বাড়ালে বস্ত্রখাতের চাপ গিয়ে ঠেকবে পোশাক রপ্তানিতে: বিটিএমএ

চলমান কোভিড মহামারী পরিস্থিতিতে গ্যাসের দাম বাড়ানো হলে বস্ত্র খাতের পাশাপাশি পোশাক রপ্তানিতে বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে বস্ত্র শিল্প মালিকদের সংগঠন (বিটিএমএ)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2022, 11:24 PM

Updated : 25 Oct 2022, 10:11 AM

শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী খোকন এ আশঙ্কা প্রকাশ করেন।

এসময় তিনি দেশের রপ্তানি ও কর্মসংস্থান স্থিতিশীল রাখার স্বার্থে গ্যাসের দাম বাড়ানো থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহবান জানান। তা না হলে শেষ পর্যন্ত বস্ত্র খাতের নেতিবাচক প্রভাব তৈরি পোশাক রপ্তানিতে পড়বে বলে মনে করেন।

বিটিএমএ সভাপতি বলেন, গত ১০ বছরে গ্যাসের দাম ৩৬২ শতাংশ বাড়ানো হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়ায় বেড়েছে বিদ্যুতের দাম। বর্তমানে এক কেজি সুতা উৎপাদনে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে ২০ টাকা। এরমধ্যে যদি গ্যাসের দর ১১৬ শতাংশ পর্যন্ত বাড়ানো হলে এক কেজি সুতা উৎপাদনে বিদ্যুৎ ব্যয় দাঁড়াবে ২৩ টাকা।

“অথচ এমনিতে বিশ্ববাজারে তুলার অস্থিতিশীল মূল্যের কারণে চাপে রয়েছে বস্ত্র ও পোশাক খাত। কারণ তুলা-সুতার দর যে হারে বেড়েছে, সে হারে মূল্য দিচ্ছে না বিদেশি ক্রেতা ও ব্র্যান্ডগুলো। এ অবস্থায় গ্যাসের দর বাড়ানো হলে বস্ত্র ও পোশাক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

গ্যাসের দাম আবারও বাড়ানো হলে দেশে বৈধ ও অবৈধভাবে আসা সুতা ও কাপড়ের সঙ্গে দর প্রতিযোগিতায় টেকা সম্ভব হবে না বলেও দাবি তার।

Image
বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন

বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্যাস সরবরাহকারী কোম্পানি তিতাস গ্যাস গত চার বছরে দেড় হাজার কোটি টাকা মুনাফা করেছে। এরপরও কার স্বার্থে আবারও গ্যসের দাম বাড়াতে চায় কোম্পানিটি জানতে চান বিটিএমএ সভাপতি।

তিতাস গ্যাসের বিরুদ্ধে গ্যাস নয়, বাতাস দিয়ে বিল নেওয়ার অভিযোগ এনে তিনি বলেন, বস্ত্র শিল্পে প্রায়ই সময় গ্যাসের প্রয়োজনীয় চাপ থাকে না। গ্যাস সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাপনায় থাকা রাষ্ট্রীয় সংস্থা তিতাস গ্যাস কারখানাগুলোতে বাতাস দেয়, গ্যাস দেয় না।

“গ্যাস লাইনের মাধ্যমে বাতাস সরবরাহ করে কোটি কোটি টাকা গ্যাস বিল আদায় করছে।“

এজন্য তিনি গ্যাসের প্রকৃত ব্যবহার অনুযায়ী বিল প্রস্তুত করতে ইভিসি মিটার স্থাপন করার দাবিও জানান।

তার আশঙ্কা গ্যাসের দাম বাড়ানোর কারণে নতুন করে উৎপাদন ব্যয় বাড়লে দেশের বস্ত্র শিল্পগুলো ক্রমাগত লোকসান দিয়ে প্রথমে ঋণ খেলাপি হবে এরপর এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে। এতে তৈরি পোশাকের সরবরাহ চেইন বিপর্যস্ত হবে।

এসময় বিটিএমএ সভাপতি আরও বলেন, গ্যাসের দর বাড়ানো এবং নিরবচ্ছিন্ন সরবরাহ সঙ্কটে পড়েছে বস্ত্রখাত। তুলার দর আন্তর্জাতিক বিষয়; এ নিয়ে সরকারের কিছু করার নেই।

“কিন্তু গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং নতুন করে গ্যাসের দর না বাড়ানোর মাধ্যমে স্থানীয় বস্ত্র ও পোশাক খাতকে সুরক্ষা দেওয়া সম্ভব। তা না হলে বস্ত্রখাতের সঙ্কটের চাপ শেষপর্যন্ত রপ্তানিমুখী পোশাক খাতে নেতিবাচক প্রভাব ডেকে আনবে।“

এসময় তিনি শিল্প ও কর্মসংস্থানের স্বার্থে পরিবহনে জ্বালানি হিসেবে সিএনজির ব্যবহার বন্ধ রাখা এবং সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রেখে বস্ত্র কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

তার ভাষ্য, সারের উৎপাদন কম হলেও আমদানির বিকল্প সুযোগ রয়েছে। কিন্তু বস্ত্রখাতের হাজার হাজার কোটি টাকার শিল্প বন্ধ হয়ে গেলে কর্মসংস্থানসহ তা সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

বস্ত্র শিল্পে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে তিনি আরও কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। এগুলো হলো-

>> বস্ত্র ও পোশাক খাতের জন্য স্বতন্ত্র জ্বালানি নীতি গ্রহণ করা।

>> প্রতি পাঁচ বছরের ভিত্তিতে গ্যাসের দর নির্ধারণ করা যাতে বিনিয়োগ করতে দর সংক্রান্ত একটা ধারণা পান উদ্যোক্তারা এবং বিদেশি ক্রেতা এবং ব্র্যান্ডের সঙ্গে বস্ত্র ও পোশাকের দর নির্ধারণ করা সম্ভব হয়।

>> বস্ত্রখাতে ইলেকট্রিক ভলিয়ুম কারেক্টার (ইভিসি) মিটার স্থাপন এবং এর মাধ্যমে প্রকৃত বিল পরিশোধের ব্যবস্থা করা।

>> ইতোমধ্যে যেসব মিলের বিপরীতে ডিমান্ড ইস্যু করা হয়েছে সেগুলোতে দ্রুত গ্যাস সংযোগ দেওয়া।

>> গ্যাস সরবরাহজনিত যে কোনো অভিযোগ দ্রুত সমাধান করা।

সংবাদ সম্মেলনে বিটিএমএ সহসভাপতি ফজলুল হক ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।