২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নগদে গরিবের কষ্ট ‘লাঘব’

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সামান্য কিছু টাকার জন্য এতোদিন সকাল-সন্ধ্যা ব্যাংকের আঙ্গিনায় অপেক্ষার প্রহর গুণতে হতো জহুরা বেগমকে। এখন আর সেই কষ্ট নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2021, 05:37 PM

Updated : 10 Oct 2022, 06:12 PM

মোবাইল ফোনে ‘নগদ’ অ্যাকাউন্টে নির্দিষ্ট সময়ে চলে আসে টাকা; তারপর ছেলেকে দিয়ে ক্যাশআউট করে নিয়ে নিজের প্রয়োজন সারেন তিনি।

প্রায় ৭৫ বছর পেরোনো জহুরা ২০০৯ সাল থেকে বয়স্ক ভাতা পান। তিন মাসের ১৫০০ টাকা ব্যাংক থেকে তুলতেন তিনি।

নগদের মাধ্যমে টাকা হাতে পাওয়া নিয়ে জহুরা বলেন, “আগে এই টাকার জন্য ২০ টাকা বাস ভাড়া দিয়ে যাদুরচর থেকে সকাল ৮টায় সাভারে যেতাম।

“সারা দিন অপেক্ষার পর বিকালে ১৫০০ টাকা নিয়ে বাড়ি ফিরতে হতো। আমার অনেক কষ্ট হতো। এখন আর সে কষ্ট করতে হয় না।”

একই ধরনের অভিজ্ঞতা কথা জানালেন বিধবা ভাতার জন্য নির্বাচিত সফুরা বেগম, প্রতিবন্ধী ভাতার জন্য নির্বাচিত মোহাম্মদ হাসান। কোনো বাড়তি খরচ ছাড়াই নিজের টাকা নিজে উত্তোলন করে ভোগ করতে পারছেন।

দেশে ৮৮ লাখ ৫০ হাজার ভাতাভোগীর মধ্যে এখনও ১২ লাখ মানুষ বিভিন্ন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সুবিধা কাজে লাগিয়ে ভাতা উত্তোলন করে থাকেন।

বাকিদের ৭৫ শতাংশ নগদ অ্যাকাউন্টের মাধ্যমে এবং ২৫ শতাংশ বিকাশের মাধ্যমের সরকারি অনুদান হাতে পাচ্ছেন।

সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতা, অসচ্চল প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতা এই চারটি খাত সারাদেশে সক্রিয় রয়েছে। সুবিধাভোগী নির্বাচনে স্থানীয় জনপ্রতিনিধিদেরও সহায়তা নেওয়া হচ্ছে।

ধামরাই সদর ইউনিয়নের একজন সদস্য (ইউপি মেম্বার) আলাউদ্দিন নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, “আগে ভাতা বিতরণের সময় হলে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে খরব দিতে হতো। অনেকে খবর পেতেন, অনেকে পেতেন না। সেই একটা ঝামেলা লেগে থাকতো।

“এখন সবকিছু ‘স্মুথ’ হয়েছে, কোনো ঝামেলা নাই। কাজটা অনেক সহজ হয়ে গেছে।”

সম্প্রতি সাভার ও ধামরাই এলাকায় সুবিধাভোগীদের অভিজ্ঞতা পরিদর্শনের সময় সেখানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান ও ধামরাই উপজেলার সমাজসেবা কর্মকর্তা এসএম হাসান। অনুদান বিতরণে ডিজিটালাইজেশনের ফলে তারাও স্বস্তি পাওয়ার কথা জানান।

এসএম হাসান বলেন, ভাতা বিতরণ ও সুবিধাভোগীদের তথ্য সংরক্ষণ ছাড়াও সমাজসেবা অধিদপ্তরের আরও কিছু কাজ রয়েছে। পরিচয়হীন, অসহায় শিশুদের পরিচর্যা, কিশোর অপরাধীদের সংশোধনের চেষ্টা তাদেরকে দক্ষ করে গড়ে তোলার একাধিক প্রকল্প রয়েছে। নগদের মাধ্যমে টাকা বিতরণের ফলে অনেক ঝামেলা কমে গেছে। এখন অন্যকাজে মনযোগ দেওয়া যাচ্ছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রচলিত পদ্ধতিতে যেভাবে ভাতা দেওয়া হতো তাতে বেশিরভাগ ক্ষেত্রে মধ্যসত্ত্বভোগী দালালের হাত ছিল। অনেক ক্ষেত্রে প্রকৃত লোকদের হাতে টাকা যেতনা।

“সামাজিক নিরাপত্তা বেষ্টনীর এই টাকা ডিজিটাল পদ্ধতিতে বিতরণ শুরু হওয়ার পর সেই সমস্যা কেটে গেছে, এটা একটা মাইলফলক।”

তবে প্রযুক্তির বিষয়ে জ্ঞান স্বল্পতা কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, “এর কারণে অনেক সময় টাকা উত্তলনে হয়তো অসুবিধা হয়। তবে এগুলো সাময়িক, ধীরে ধীরে কেটে যাবে।”