২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সেরা রাঁধুনী' হলেন চট্টগ্রামের সাদিয়া তাহের

চট্টগ্রামের সাদিয়া তাহের স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ আয়োজিত ‘সেরা রাধুনী ১৪২৭’ নির্বাচিত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2021, 11:07 PM

Updated : 07 Apr 2022, 11:20 PM

সেরা রাধুনী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে খুলনার নাদিয়া নাতাশা ও ঢাকার মরিয়ম হোসেন নুপুরকে হারিয়ে তিনি বিজয়ী হয়েছেন বলে জানিয়েছে প্রতিযোগিতার আয়োজক স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, ছয় মাসেরও বেশি সময় ধরে চলা এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ষষ্টবার আয়োজিত এবারের প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গত ২৯ ডিসেম্বর। বিভাগীয় অডিশনের মাধ্যমে সারাদেশ থেকে ২৮ জন নির্বাচিত হন। এরপর তাদের ১৫ জনকে নিয়ে শুরু হয় স্টুডিও রাউন্ড লড়াই।

পরের পর্বগুলোতে প্রতিযোগিদের শুধু রান্নার দক্ষতায় নয়, রেসিপিগুলোর প্রক্রিয়া ব্যয় ও মূল্য নির্ধারণে তাদের পারদর্শিতাও যাচাই করা হয়েছে। এরকম কঠিন নানা চ্যালেঞ্জ পার হয়ে নাতাশা, সাদিয়া ও নূপুর সেরা তিনে জায়গা করে নেন।

এরপর কক্সবাজারে আরো দু’টো প্রফেশনাল চ্যালেঞ্জের (ফাইভ স্টার কিচেন সামলানোর ‘রেস্টুরেন্ট চ্যালেঞ্জ’ এবং ‘সি-ফুড চ্যালেঞ্জ’) মুখোমুখি হতে হয় তাদের। যার নম্বর নির্ধারণ করে চূড়ান্ত ফলাফল।

গ্র্যান্ড ফিনালেতে বর্ণাঢ্য সব আয়োজনের মধ্যে নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাবের পরিচালনায় ধৃতি নর্তনালয়ের শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। তিনি সব প্রতিযোগিকে অভিনন্দন জানান এবং বাংলার স্বাদ ও খাবারের কথা বিশ্বমঞ্চে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।

সেরা রাঁধুনী ১৪২৭-এ অংশ নেওয়া বাকি ১২ জনের হাতে বিশেষ সম্মাননা স্মারক ও চেক তুলে দেন প্রতিযোগিতার তিন সম্মানিত বিচারক এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র, রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা, অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা এবং অঞ্জন চৌধুরী।

গ্র্যান্ড ফিনালের বর্ণাঢ্য এই আয়োজনে আরও ছিলেন অভিনেত্রী তারিন জাহানের কুইজ শো, অভিনেতা সাজু খাদেমের কৌতুক আয়োজন এবং ‘জলের গান’ এর পরিবেশনা।

ফলাফল ঘোষণার নাটকীয় পর্ব শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও স্মারক চেক তুলে দেন প্রতিযোগিতার তিন বিচারক, অঞ্জন চৌধুরী এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে প্রধান পরিচালন কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম।

বিজয়ী হিসেবে সাদিয়া তাহের ১৫ লাখ, নাদিয়া নাতাশা ১০ লাখ এবং মরিয়ম হোসেন নূপুর পেয়েছেন পাঁচ লাখ টাকা।

পুরো আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিল মিডিয়াকম লিমিটেড। ব্রডকাস্ট পার্টনার মাছরাঙা টেলিভিশনের সঙ্গে সেরা রাঁধুনী ১৪২৭ আয়োজনের সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে আরও আছে রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট, এবিসি রেডিও, দৈনিক কালের কণ্ঠ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।