২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ইন্টারন্যাশনালের নতুন নির্বাহী পরিচালক শামেরান আবেদ

ব্র্যাক ইন্টারন্যাশনালের (বিআই) নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন শামেরান আবেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2021, 09:14 PM

Updated : 10 Oct 2022, 06:05 PM

আগামী ১ অগাস্ট তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন বলে মঙ্গলবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থা ব্র্যাক ইন্টারন্যাশনাল এশিয়া ও আফ্রিকার ১০টি দেশে কার্যক্রম পরিচালনা করে।

শামেরান আবেদ মুহাম্মাদ মুসার স্থলাভিষিক্ত হচ্ছেন। ব্র্যাক ইন্টারন্যাশনালের বর্তমান নির্বাহী পরিচালক মুসা ৩১ জুলাই পর্যন্ত ওই দায়িত্বে থাকছেন।

বিশ্বের বৃহত্তম এনজিও ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের ছেলে শামেরান বিকাশের চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন।

ব্র্যাক বলছে, নির্বাহী পরিচালক হিসাবে শামেরান আবেদ ব্র্যাক ইন্টারন্যাশনালের কর্মকৌশল এবং সাংগঠনিক উন্নয়নের তদারকি ও নির্দেশনা দেবেন, যার ফলে ব্র্যাকের গ্লোবাল স্ট্র্যাটেজি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ২৫ কোটি সুবিধাবঞ্চিত নারী ও তাদের উপর নির্ভরশীল জনগোষ্ঠী, যুবসমাজ এবং দরিদ্র মানুষদের মধ্যে সেবা পৌঁছানোর লক্ষ্য অর্জন সহজ হবে।

এর পাশাপাশি তিনি বিআই-এর ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা এবং আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন উদ্যোগের তদারকিও চালিয়ে যাবেন।

ব্র্যাক ইন্টারন্যাশনালের সুপারভাইজারি বোর্ডের চেয়ারপারসন আইরিন খানকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে উদ্ভাবন এবং ইতিবাচক রূপান্তরের মাধ্যমে ব্র্যাক ইন্টারন্যাশনাল পরিচালনার জন্য শামেরানই সঠিক ব্যক্তি।

“তার বিস্তৃত অভিজ্ঞতা এবং যথাযথ কৌশল ও সহযোগিতামূলক দক্ষতা দারিদ্র্য বিমোচন ও দরিদ্রদের ক্ষমতায়নের জন্য ব্র্যাককে একটি বৈশ্বিক শক্তি হিসাবে গড়ে তুলবে। এটা আমাদের প্রয়াত প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের ভিশন অর্জনের জন্য নিজেদের লক্ষ্য-উদ্দেশ্যকে আরও সুবিন্যস্ত ও সুসংহত করবে।”

Image
শামেরান আবেদ। ফাইল ছবি

শামেরান আবেদ। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের হ্যামিলটন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক এবং যুক্তরাজ্য থেকে আইনজীবীর সনদ নেওয়া শামেরান ২০০৯ সালে ব্র্যাক বাংলাদেশে এবং ২০১২ সালে ব্র্যাক ইন্টারন্যাশনালে যোগ দেন।

২০১৬ সাল থেকে তিনি ব্র্যাকের অতি দরিদ্র কর্মসূচিতেও নেতৃত্ব দিচ্ছেন। বিশ্বজুড়ে অ্যাডভোকেসিসহ সরকার ও অন্যান্য সংস্থাকে কর্মকৌশলগত সহায়তা দিতে আলট্রা পুওর গ্র্যাজুয়েশন ইনিশিয়েটিভ (ইউপিজিআই) প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নতুন নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়ায় শামেরান আবেদ বলেন, “চলমান মহামারীর অভূতপূর্ব চ্যালেঞ্জ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীকে দারিদ্র্য থেকে বের করে আনতে তাদের জন্য সহনশীল ও টেকসই পথ তৈরি করা এখন সবচেয়ে জরুরি।

“সংগঠন হিসাবে ব্র্যাক সত্যিই একটি অনন্য অবস্থান রাখে। প্রায় ৫০ বছর ধরে আমরা অঙ্গীকার ও নিষ্ঠার সঙ্গে জনসমষ্টির নেতৃত্বাধীন কার্যকর সমাধান তৈরি ও  বাস্তবায়ন করে আসছি। এই সন্ধিক্ষণে ব্র্যাক ইন্টারন্যাশনালের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।”