২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষ নারী উদ্যোক্তা তৈরিতে কর্মশালা শুরু

দেশের নারীদের মালিকানাধীন ব্যবসা ও মাঝারি উদ্যোক্তাদের লাভজনক সাপ্লাই চেইনে এগিয়ে নিতে ওয়ার্ল্ড ব্যাংকস উইমেন এন্টারপ্রেনার্স ফাইন্যান্স ইনিশিয়েটিভ কর্মশালা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2021, 08:15 PM

Updated : 07 Apr 2022, 11:18 PM

প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে উইকানেক্ট ইন্টারন্যাশনাল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

উইকানেক্ট ইন্টারন্যাশনালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর মাধ্যমে আগামী তিন বছরে সাত শতাধিক নারী উদ্যোক্তাকে কমপক্ষে ৪০টি বড় সংস্থার সাথে কাজের সুযোগ করে দেয়া হবে।

এই প্রকল্পে নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, ব্যবসায়িক কৌশল শিক্ষাসহ অন্যান্য সুযোগ রাখার কথা জানিয়েছেন উইকানেক্ট ইন্টারন্যাশনালের সহ-প্রতিষ্ঠাতা এলিজাবেথ এ ভ্যাজকেজ।

“আশা করি আমরা ক্রেতা ও নারী সাপ্লায়ার উভয়েরই কাজের সংযোগ তৈরি করতে সফল হব। এর মাধ্যমে নারীরা জটিল কর্পোরেট ভ্যালু চেইনে সহজভাবে অংশগ্রহণ করতে পারবে। সবার জন্য এটি একটি বড় সুযোগ।”

বিশ্ব ব্যাংকের বেসরকারী সেক্টরের বিশেষজ্ঞ হোসনা ফেরদৌস সুমি বলেন, “এতে বড় সংস্থাগুলি যেমন উপকৃত হবে, তেমনি নারী উদ্যোক্তাদের মানসম্পন্ন পরিসেবা প্রদানের দক্ষতাও বাড়বে।”

এ বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আতিকুল ইসলাম বলেন, “নারী ব্যবসায়ীদের জন্য কর্পোরেট সংযোগ কর্মসূচীর অংশীদার হতে পেরে আমরা উচ্ছ্বসিত।”