২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪.৫% সুদে ঋণ পাবেন প্রেক্ষাগৃহ মালিকরা

করোনাভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত চলচ্চিত্র শিল্পের জন্য যে ১ হাজার কোটি টাকার একটি ‘বিশেষ’ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক, তা পাওয়ার নীতিমালা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2021, 10:18 PM

Updated : 02 Aug 2022, 05:25 PM

চলচ্চিত্র শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে বিদ্যমান প্রেক্ষাগৃহগুলো সংস্কার ও আধুনিকায়ন এবং নতুন প্রেক্ষাগৃহ নির্মাণের উদ্দেশ্যে এই তহবিল থেকে স্বল্প সুদে ঋণ পাওয়া যাবে।

গ্রাহক পর্যায়ে এই তহবিলের ঋণের সুদের হার হবে মেট্রোপলিটন এলাকায় ৫ শতাংশ; আর মেট্রোপলিটন এলাকার বাইরে ৪ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক রোববার এই বিশেষ তহবিলের নীতিমালা ঘোষণা করেছে। গত ২৭ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই তহবিল গঠন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন হয়।

তিন দশক আগেও বাংলাদেশে প্রায় ১ হাজার ৪০০টি প্রেক্ষাগৃহ বা সিনেমা হল ছিল। নানা কারণে এ সংখ্যা ক্রমেই কমছে।

সরকার ভাবছে, প্রেক্ষাগৃহ মালিকদের স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হলে নতুন প্রেক্ষাগৃহ নির্মাণের পাশাপাশি বিদ্যমানগুলোও আধুনিক করা যাবে।

এ নীতিমালার অন্যান্য শর্ত পরিপালন সাপেক্ষে বিভিন্ন শপিং কমপ্লেক্সে বিদ্যমান সিনেপ্লেক্সসহ নতুন নির্মিতব্য প্রেক্ষাগৃহ এই ঋণ সুবিধা পাবে।

তবে, চলতি মূলধন বাবদ কোনো ব্যয় পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় আসবে না। এছাড়া এ স্কিমের আওতায় গৃহীত ঋণ দিয়ে অন্য কোনো ঋণের দায় শোধ করা যাবে না।

এই তহবিল থেকে একটি প্রেক্ষাগৃহ পাঁচ কোটি টাকার বেশি ঋণ পাবে না।

এ তহবিলের আওতায় অংশগ্রহণকারী ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে ১ দশমিক ৫ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবে। গ্রাহক পর্যায়ে মেট্রোপলিটন এলাকায় ৫ শতাংশ এবং মেট্রোপলিটন এলাকার বাইরে ৪ দশমিক ৫ শতাংশ সুদে ব্যাংক অর্থায়ন করবে।

এক বছরের গ্রেস পিরিয়ডসহ ষান্মাসিক/ত্রৈমাসিক কিস্তিতে সর্বোচ্চ আট বছরে ঋণ পরিশোধ করতে হবে।

এই ঋণ সুবিধা পেতে ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

পুরনো খবর:

চলচ্চিত্র শিল্পের জন্য হাজার কোটি টাকার বিশেষ তহবিল