২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরাজ রেস্তোরাঁর বিরুদ্ধে আড়াই কোটি টাকার ভ্যাট ফাঁকির মামলা

ঢাকার গুলশানের ‘দি মিরাজ’ রেস্তোরাঁর বিরুদ্ধে ২ কোটি ৫৪ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনিবআর) ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2020, 09:14 PM

Updated : 08 Apr 2022, 01:44 AM

গত ১২ নভেম্বর গুলশানের ওই রেস্তোরাঁয় অভিযান চালান ভ্যাট গোয়েন্দারা। সেখান থেকে জব্দ করা ভ্যাট রিটার্নের তথ্য বিশ্লেষণ করে ‘ব্যাপক গরমিল’ পাওয়ার পর সোমবার ভ্যাট আইনে এই মামলা করা হয়।

অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরাজ কর্তৃপক্ষ বিক্রির তথ্য গোপন করে ভ্যাট ফাঁকি দিয়েছে। তাছাড়া সেখানে রেস্তোরাঁর আড়ালে সিসা বার পরিচালনা করা হচ্ছিল, যার কোনো বৈধ কাগজপত্র রেস্তোরাঁ কর্তৃপক্ষ দেখাতে পারেনি। 

সেখান থেকে জব্দ করা ব্যবসায়িক দলিলপত্র বিশ্লেষণ করে ভ্যাট গোয়েন্দারা বলছেন, ২০১৩ সালের জুলাই থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত সময়ে শুধুমাত্র বিক্রির ওপর ১ কোটি ৩৯ লাখ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে মিরাজ কর্তৃপক্ষ।

ভ্যাট আইন অনুযায়ী, ফাঁকি দেওয়া এই ভ্যাটের ওপর মাসভিত্তিক ২ শতাংশ হারে ৯৮ লাখ টাকার সুদ প্রযোজ্য হবে।

অভিযানে মিরাজ থেকে ১৫ কেজি সিসা এবং পরিবেশনের সামগ্রী জব্দ করা হয়েছিল। ওই সিসা বারের সেবার উপর ৮ লাখ ৪০ হাজার টাকা উৎসে ভ্যাটও রেস্তোরাঁ কর্তৃপক্ষ ফাঁকি দিয়েছে বলে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের ভাষ্য।

ভ্যাট আইন অনুযায়ী, ওই ৮ লাখ ৪০ হাজার টাকার ওপর মাসিক ২ শতাংশ হারে ৭ লাখ ৮৮ হাজার টাকা সুদ প্রযোজ্য হবে।

সব মিলিয়ে মিরাজ কর্তৃপক্ষ ২ কোটি ৫৪ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

এ বিষয়ে ‘দি মিরাজ’ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

পুরনো খবর:

হোটেল ‘দি মিরাজে’ ভ্যাট গোয়েন্দারা অভিযানে গিয়ে জব্দ করল সীসা