তথ্য-প্রযুক্তি ব্যবসার সহায়তায় এফবিসিসিআইয়ের শাখা
প্রযুক্তিখাতের ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তাদের সার্বিক সহায়তা দিতে ‘এফবিসিসিআই টেক সি’ নামের নতুন একটি শাখা চালু করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি।
অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়ে সিএমএসএমই (কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ) এবং স্টার্টাপের মতো ব্যবসায়কি উদ্যোগের ভিত্তি সুদৃঢ়করণের উদ্দেশ্যে নিয়ে ‘এফবিসিসিআই টেক সি’ নামের এই প্রযুক্তি কেন্দ্রটি চালু করা হয়েছে বলে জানান সংগঠনটির সভাপতি শেখ ফজলে ফাহিম।
রোববার মতিঝিলে এফবিসিসিআই আইকন টাওয়ারে (ফেডারেশন ভবন) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ফাহিম বলেন, তথ্যপ্রযুক্তিখাতের সব ধরনের নীতিসহায়তা নিয়ে কাজ করছে সরকারের আইসিটি বিভাগ। এর পাশাপাশি ব্যবসায়ীদের সংগঠন হিসাবে এফবিসিসিআই প্রযুক্তিখাতের উদ্যোক্তাদেরকে দেশ-বিদেশের সর্বশেষ প্রযুক্তি বিষয়ে ধারণা দেবে, নতুন বাজারের সঙ্গে উদ্যোক্তাদের সংযোগ ঘটিয়ে ব্যবসা সম্প্রসারণে সহায়তা দেবে।
“টেক সির মূল লক্ষ্য হলো স্টার্টাপের পরিচর্যা এবং ‘ইমপ্যাক্ট টেক প্রেন্যুয়ার’ তৈরি করা যারা ডিজিটাল ইকোসিস্টেসম তৈরি, সাধারণ মানুষের সামাজিক সমস্যার সমাধান, উচ্চ প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা রাখবে,” বলেন তিনি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্তি উদযাপনকে সামনে রেখে ‘এফবিসিসিআই টেক স ‘কে বিশেষ উদ্যোগ হিসাবে দেখা হচ্ছে।
স্টার্টাপকে প্রশিক্ষিত করতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুশেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), সিঙ্গাপুরের অ্যাক্সিলারেটিং এশিয়া, কানাডার সেনেকা কলেজ এবং ইউভার্সিটি অব টরেন্টোর সঙ্গে চুক্তি করেছে এফবিসিসিআই।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “এফবিসিসিআইএর এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সমন্বয় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ও ৪র্থ শিল্প বিল্পবের সঙ্গে মানিয়ে নিতে নিজেকে প্রস্তুত করছে। প্রযুক্তি, সহযোগিতা, বিশ্বায়নের ধারনার মাধ্যমে আমাদের এগিয়ে নেওয়ার জন্য আজকের এই উদ্যোগ দেখে আমি অত্যন্ত আনন্দিত।”
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “অগ্রগামী ও দূরদর্শী চিন্তার জন্য আমি এফবিসিসিআইকে অভিনন্দন জানাই। এফবিসিসিআই টেক সি-এর সফল উদ্বোধনের জন্য।”
অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে বক্তব্য রাখেনে ইউনিভার্সিটি অব টরেন্টোর অন্টারিও ইনস্টিটিউট ফর স্টাডিজ ইন এডুকেশনের (ওআইএসই) এলিজাবেথ রিজ জনস্টোন, ওআইএসই'র কন্টিনিউইং এন্ড প্রফেশনাল লার্নিংয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর মাইকেল ক্যাসিডি; অ্যাক্সিলারেটিং এশিয়ার সহপ্রতিষ্ঠাতা আমরা নাইডু এবং ম্যাসাচুশেট ইনস্টিটিউট অব টেকনোলোজির (এমআইটি) সিনিয়র অফিসার শ্যারন বর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার।
