২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজনেস ট্যাবলয়েডের সেরার স্বীকৃতি পেল ‘নগদ’

বাণিজ্য সাময়িকী বিজনেস ট্যাবলয়েড এর বিচারে ২০২০ সালের ‘সেরা জিডিটাল আর্থিক সেবার’ স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা নগদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2020, 07:51 PM

Updated : 25 Jul 2022, 07:07 PM

রোববার নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

লন্ডনভিত্তিক সাময়িকী বিজনেস ট্যাবলয়েড প্রতি বছর আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে থাকে। একদল গবেষক ও ম্যাগাজিনের সম্পাদকীয় দল ‘উদ্ভাবন, কৃতিত্ব ও অবদান’ বিচার করে এই পুরস্কারের তালিকা চূড়ান্ত করে।

নগদ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “এ পুরস্কার পেয়ে অবশ্যই আমরা আনন্দিত। প্রযুক্তি ব্যবহার করে দেশের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির ক্ষেত্রে আমাদের বৃহত্তর উদ্যোগের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারকে আমরা বিবেচনা করছি।”

তিনি বলেন, “বিজনেস ট্যাবলয়েডের মত ম্যাগাজিন আমাদের সম্পর্কে খোঁজ-খরর করছে এবং নগদকে বিজয়ীর তালিকায় রেখেছে, আমাদের জন্য এটা গর্বের।”

২০১৯ সালের ২৬ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’। এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহক সংখ্যা ইতোমধ্যে পৌঁছেছে আড়াই কোটির ঘরে, যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ।

তানভীর এ মিশুক বলেন, “নগদ এর সেবা চালু হওয়ার পর থেকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আর্থিক অন্তর্ভুক্তিতে কাজ করে চলেছি এবং এই পুরস্কারটি আমাদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি।”

বিজনেস ট্যাবলয়েড ছাড়াও বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি সাম্প্রতিক সময়ে নগদ পেয়েছে জানিয়ে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, এই আন্তর্জাতিক স্বীকৃতিগুলো নগদকে দেশের মানুষের জন্য আরও কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করবে এবং একটি ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার পথে দেশকে এগিয়ে নেবে।”