২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাদু ভিশনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ কোয়াবের

জাদু ভিশন লিমিটেড সঙ্কট নিরসন না করে তাদের নিয়োজিত ভিনদেশী কর্মচারী দিয়ে দেশের ব্যবসায়িক সংগঠন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে কেবল অপারেটরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ঐক্য পরিষদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2020, 11:07 PM

Updated : 18 Aug 2022, 04:03 PM

জাদু ভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কুনাল দেশমুখ কোয়াবকে নিয়ে সমালোচনার পর রোববার ঢাকার একটি হোটেল সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ তোলে সংগঠনটির নেতারা।

জাদু ভিশনের সঙ্গে বিরোধে স্টার গ্রুপের (স্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফিক, স্টার গোল্ড ও লাইফ ওকে) সম্প্রচার ৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে বন্ধ রেখেছে কেবল অপারেটররা।

পে-চ্যানেল পরিবেশক জাদু ভিশন এই চ্যানেলগুলোর বাংলাদেশের পরিবেশক হিসেবে ২০১০ সাল থেকে ব্যবসা করে আসছে।

জাদু ভিশনের প্রধান নির্বাহী কুনাল দেশমুখ কোয়াব ঐক্যপরিষদের সমালোচনা করে বলেছিলেন, “বর্তমানে দেশে ৬০০ এর উপর বৈধ কেবল অপারেটর রয়েছে, যাদের মধ্যে অল্প কিছু সংখ্যক কেবল অপারেটর নিজেদের কোয়াব ঐক্য পরিষদ বলে পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে অবাঞ্ছিত কিছু বিষয় সামনে নিয়ে এসে নিজেদের আধিপত্য প্রমাণের চেষ্টা করছে।”

সংবাদ সম্মেলন নিয়ে কোয়াবের সাবেক মহাসচিব নিজাম উদ্দীন মাসুদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “কেবল অপারেটররা জাদু ভিশন লি. কর্তৃক স্বতস্ফুর্তভাবে সম্প্রচার বন্ধ রাখার পর থেকে জাদু ভিশন সংকট সমাধানের পথে না হেঁটে তাদের নিয়োজিত একজন ভিনদেশী কর্মচারী বাংলাদেশেরে একটি ব্যবসায়িক সংগঠন নিয়ে এবং আপামর কেবল অপারেটরদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আপত্তিকর ও মিথ্য তথ্য দিয়ে যাচ্ছে।

“বাংলাদেশি নাগরিকের জন্য এটা অনভিপ্রেত ও অসম্মানজনক। একজন বিদেশি নাগরিকের ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার এ ধরনের কর্মকাণ্ডের জন্য দেশের কেবল অপারেটররা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।”

অনির্দিষ্টকালের জন্য স্টার গ্রুপের চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ থাকায় কেবল টিভি গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে।

গত ২৮ অক্টোবর অগাস্ট কোয়াব ঐক্য পরিষদের এক সংবাদ সম্মেলনে বলা হয়, জাদু ভিশনের বিভিন্ন নেটওয়ার্কে বন্ধ করে দেওয়া স্টার গ্রুপের সিগন্যাল পুনঃসংযোগ না দিলে ৪ নভেম্বর থেকে এসব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে।

কুনাল দেশমুখ বলে আসছেন, বেশ কয়েকটি কেবল অপারেটরের কাছ থেকে জাদু ভিশনের বিপুল পরিমাণ বকেয়া পাওনা রয়েছে, তারা তা পরিশোধ না করতেই এ আন্দোলনের ডাক দিয়েছে।

তবে কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ বলছেন, গত জুন নাগাদ কেবল অপারেটরদের কাছে জাদু ভিশনের সব পাওনা পরিশোধ থাকলেও এরপর থেকে নানা অজুহাতে কেবল অপারেটরদের পে-চ্যানেল বন্ধ করে দিচ্ছে।

পুরনো খবর:

স্টার গ্রুপের চ্যানেল বন্ধের হুমকি কোয়াবের