শীতে নিত্যপণ্য ঘরে পৌঁছাতে বাড়তি প্রস্তুতি অনলাইন প্ল্যাটফর্মে
রাজধানীর ধানমন্ডির বাসিন্দা ফয়েজ আহমেদ; পেশায় ব্যবসায়ী এই ব্যক্তি করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশজুড়ে লকডাউনের সময় নিত্যপণ্যের জন্য ভরসা করেছেন অনলাইন প্ল্যাটফর্মগুলোর ওপর। লকডাউন না থাকলেও এখনও তিনি নিত্যপণ্য কিনছেন অনলাইন শপ থেকেই।
করোনাভাইরাস সংক্রমণ এড়াতে রাজধানীবাসীর একটা বড় অংশ নিত্যপণ্য কেনাকাটার জন্য ফয়েজের মতো ঝুঁকেছিলেন অনলাইন প্ল্যাটফর্মের দিকে। গ্রাহকের ঘরের দরজায় পণ্য পৌঁছে দিতে তখন হিমশিম খেতে হয়েছিল এ খাতের ব্যবসায়ীদের।
সময়মতো ডেলিভারি না পাওয়া, পছন্দের পণ্য না পাওয়া, অনলাইনে অর্ডার দিতে গিয়ে সমস্যায় পড়া- এমন সব ঝক্কি পোহাতে হয়েছিল ক্রেতাদের।
এসব অভিযোগ মেনে নিয়ে সেবাদাতা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা জানান, অর্ডারের চাপে নাজেহাল হয়েছিলেন তারা। ডেলিভারি দেওয়ার মানুষ না থাকা এবং ওয়েবসাইটের ধারণক্ষমতার চেয়ে বেশি চাপ পড়ার কারণে সমস্যায় পড়েন। ইচ্ছা থাকলেও দিতে পারেননি কাঙ্ক্ষিত সেবা।
লকডাউন পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সামনের দিনে পরিস্থিতি মোকাবেলায় নিজেদের সক্ষমতা বাড়ানোর কথা জানালেন এই খাতের কয়েকটি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম দেখা দেওয়ার পর মহামারীতে রূপ নেওয়া নতুন করোনাভাইরাস বিশ্বজুড়ে সাড়ে ১০ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
গত মার্চে বাংলাদেশে এ ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর সরকারি হিসাবে এ পর্যন্ত ৩ লাখ ৮১ হাজারের বেশি মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে সাড়ে ৫ হাজারের বেশি মানুষের।
ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে, যাকে ‘সংক্রমণের দ্বিতীয় ঢেউ’ বলা হচ্ছে। আগমী শীতে এ ভাইরাসের প্রকোপ ফের বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা আগে থেকেই সতর্ক করে আসছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছে শীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব যদি বাড়ে সে লক্ষ্যে প্রস্তুত থাকতে বলেছেন।
এই শঙ্কা মাথায় রেখে নিজেদের সক্ষমতা বাড়িয়েছে দেশের সবচেয়ে বড় নিত্যপণ্যের অনলাইন প্ল্যাটফর্ম চালডাল ডটকম। গুদামের পাশাপাশি ডেলিভারিপার্সনের সংখ্যাও বাড়িয়েছে তারা। ঢাকার বাইরেও ব্যবসা করার চিন্তা করছে প্রতিষ্ঠানটি।
অনলাইন কেনাকাটায় গিয়ে বিড়ম্বনায়ও পড়তে হয় অনেককে।
“লকডাউনের অভিজ্ঞতা থেকে আমরা বিভিন্ন দিকে নিজেদের সক্ষমতা বাড়িয়েছি। আমরা যখন প্রথম ব্যবসা শুরু করি তখন আর কেউ ছিল না। এখন আরও অনেকে ব্যবসা করছেন। প্রত্যেকেই ধীরে ধীরে তাদের সক্ষমতা বাড়াচ্ছে।”
শীতে যদি করোনাভাইরাসের প্রকোপ আরও বাড়ে তখন কাঙ্ক্ষিত সেবা ঠিকঠাক চান ধানমিন্ডর ফয়েজ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভিড় এড়াতেই আমি বাজারে যাচ্ছি না। আরও অনেক দিন যাব না। সেজন্য অনলাইন শপগুলোতে নির্ভর করছি। লকডাউনের সময় অনেক সমস্যা হয়েছে। আশা করছি, সামনের শীতে যদি পরিস্থিতির অবনতি ঘটে তবে অনলাইন শপগুলো আগে থেকে প্রস্তুতি নেবে।”
ফয়েজ বলেন, “ওই সময় অর্ডার করলে অনেক পরে পণ্য হাতে পৌঁছাত। ঠিকমতো পণ্য পাইনি।”
লকডাউনের সময়ে নিত্যপণ্য অনলাইনে বিক্রি শুরু করে সুপার শপ স্বপ্ন।
তিনি বলেন, “করোনাভাইরাসের শুরুর দিকের সময়টাতে যেসব সমস্যা আমরা সকলে ফেইস করেছি, তা এখন নিউ নরমাল লাইফে কাটিয়ে উঠছি। আমাদের ম্যানপাওয়ার, স্টোর বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত কাঠামো ঢেলে সাজানো হচ্ছে।”
লকডাউনের অভিজ্ঞতা থেকে নিজেদের ব্যবসার অনেক কিছুরই খুঁটিনাটি পরিবর্তন করেছেন বলে জানিয়েছেন সুপারশপ মীনাবাজারের প্রধান নির্বাহী শাহীন খান।
নিজেদের ওয়েবসাইট পরিবর্তন করার পাশাপাশি আউটলেট থেকে ফোনের মাধ্যমে অর্ডার নিয়ে পণ্য সরবরাহ শুরুর কথাও জানান তিনি। একইসঙ্গে কেন্দ্রীয়ভাবে কলসেন্টার চালু করে সেখানে অর্ডার নেওয়ার ব্যবস্থাও করছেন তারা।
শাহীন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসলে এই মহামারীর আগে অনলাইনে গ্রোসারি বিজনেসটা এত ব্যাপক আকারে ছিল না। আমরাও যে খুব সিরিয়াসভাবে করেছি তা নয়। তবে এখন আমরা প্রস্তুত। সামনে যদি বিশেষ করে শীতকালে পরিস্থিতি যদি সে রকম হয় তবে আমরা প্রস্তুত আছি।”
আরও পড়ুন
