আইডিএলসিকে সেরার স্বীকৃতি ইউরোমানির
আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডকে, বাংলাদেশের ‘সবচেয়ে ভালো’ বিনিয়োগকারী হিসেবে হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোমানি।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস।
এতে বলা হয়েছে, “আইডিএলসি ইনভেস্টমেন্টস ‘ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২০ : বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক’ হিসেবে পুরস্কৃত হয়েছে।”
আইডিএলসি ইনভেস্টমেন্টস ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এনিয়ে টানা তৃতীয় বারের মতো বাংলাদেশের বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে পুরস্কার পেল তারা।
আইডিএলসি ফাইন্যান্সের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বলেন, “আইডিএলসির মূল চালিকা শক্তি হলো পরিবর্তনশীল পরিস্থিতির সাথে কৌশলগত পরিবর্তন আনা এবং সমাজে টেকসই ও সুদূরপ্রসারী প্রভাব তৈরি করা। পর পর তৃতীয়বারের মতো এই পুরস্কার অর্জন এটাই প্রমাণ করে যে আইডিএলসি ইনভেস্টমেন্টসই বাংলাদেশের সেরা মার্চেন্ট ব্যাংক।”
