কর ছাড় চাইছে ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলো
২০২০-২১ সালের বাজেটে কর ছাড় চেয়েছে ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলো।
রোববার এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে এই দাবি তোলেন ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব) সভাপতি শামীম আহসান।
ভিসিপিয়াব ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে।
দেশে স্টার্টআপগুলোকে পুঁজির জোগান দেয় ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলো।
শামীম বলেন, “করোনার কারণে ভেঞ্চার ক্যাপিটালের সহায়তায় পরিচালিত আমাদের দেশের স্টার্টআপগুলো খুব বিপদে আছে এরা টিকে থাকার জন্য লড়াই করছে।
“বর্তমান পরিস্থিতিতে টিকে থাকতে বাংলাদেশি স্টার্টআপগুলোকেও ট্যাক্স অব্যাহতি, অনুদান, সহজ শর্তে ঋণ এবং ইক্যুইটি বিনিয়োগের মাধ্যমে একই ধরণের নীতিগত ও আর্থিক সহায়তা দেয়া জরুরি। এই ব্যবসাগুলো টিকে থাকলে ৭ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষা পাবে।”
শামীম বলেন, “সঠিক নীতি সহায়তা পেলে ২০২৫ সাল এই খাত বাংলাদেশের জিডিপিতে ২ শতাংশ অবদান রাখতে পারবে এবং ৫০ লাখ মানুষের কর্মসংস্থান করতে পারবে।”
বৈঠকের সভাপতিত্ব ও মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ভিসিপিয়াব সভাপতি শামীম আহসান।
ভিসিপিয়াবের মহাসচিব শওকত হোসেন বলেন, “১০ বছরের জন্য অল্টারনেটিভ ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানিকে আয়কর থেকে অব্যহতি দেওয়া যেতে পারে। ভিসিপিই ফার্মকে তাদের কোর ব্যবসায় থেকে আয় করতে কমপক্ষে ১০ বছর সময় লেগে যায়।”
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর, মসলিন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারুফ মতিন, সিএমজেএফ'র নির্বাহী সদস্য সুজয় মহাজন।
পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, “আমাদের দেশে প্রচুর পরিমাণ তরুণ উদ্যোক্তা রয়েছে। এখাতে সহায়তা দিলে তারা কর্মসংস্থান তৈরি ভুমিকা রাখতে পারে।”
প্রতিমন্ত্রী পলক বলেন, স্টার্টআপকে সহায়তার জন্য নীতিমালা তৈরি করা হয়েছে।
উদাহরণ দিয়ে তিনি বলেন, “রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে উৎস ভ্যাট কর্তন রহিত করা হয়েছে। স্টার্টআপ বাংলাদেশ তার অ্যাক্সেলারেটর প্রোগ্রাম এবং স্টার্টআপ ফান্ডের মাধ্যমে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে সহায়তা করছে। আমরা আগামীতেও যাতে স্টার্টআপগুলো বেড়ে উঠতে পারে তার জন্য নীতিগত ও আর্থিক সহায়তা অব্যহত রাখব।”
বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত বলেন, ২০১৫ সালে বিএসইসি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট রুলস অনুমোদন দেয়। এই রুলসের মাধ্যমে বাংলাদেশে ইতোমধ্যেই অনেক ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি কোম্পানি গড়ে উঠেছে। পাশাপাশি অনেকগুলো বিদেশি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি বাংলাদেশে কাজ করছে।
“আমরা আমাদের স্টার্টআপগুলোর আইপিও প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় সহায়তা সিস্টেম তৈরিতে অবশ্যই কাজ করব।”
