২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভালো’ ঋণ গ্রহীতাদের দেওয়া সুবিধা প্রত্যাহার

ঋণের বিপরীতে সুদ পরিশোধে যে ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছিল, তা আর থাকল না।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2020, 08:00 PM

Updated : 18 Aug 2022, 03:14 PM

কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে কার্যত তারাই সুযোগটি হারাচ্ছেন, যারা নিয়মিত ঋণ পরিশোধ করে আসছেন।

করোনাভাইরাস মহামারীকালে ঋণ খেলাপিদের নানা সুযোগ দেওয়ার পর ‘ভালো’ ঋণগ্রহীতাদের সুযোগ বন্ধ করা নিয়ে প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ উষ্মা প্রকাশ করেছেন এই সিদ্ধান্তে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঋণ খেলাপিদের গত বছর ২ শতাংশ ডাউন পেমেন্টে ৯ শতাংশ সুদে ১০ বছরে ঋণ পরিশোধের সুযোগ দেওয়ার পর ভালো ঋণগ্রহীতাদের সুদ পরিশোধে রিবেট দিতে বলেছিল কেন্দ্রীয় ব্যাংক। সেই সুবিধা এখন কেড়ে নেওয়া হল।

“এ আর নতুন কী! ভালো ঋণগ্রহীতাদের কখনই ভালোভাবে নেয়নি কোনো সরকার বা কেন্দ্রীয় ব্যাংক। সে কারণেই ব্যাংকিং খাতের এই করুণ দশা।”

তিন দিন আগেও ঋণ খেলাপিদের আরও একটি সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী সেপ্টেম্বর পর্যন্ত কিস্তি না দিলেও কাউকে খেলাপি হিসেবে চিহ্নিত হতে হবে না।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক ঋণে সুদের হার এতদিন বেশি থাকায় সুদ পরিশোধে ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছিল। সুদের হার এক অঙ্কে নেমে আসায় এখন আর তার প্রয়োজন নেই।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ধরনের ঋণের সুদের হার ৯ শতাংশ কার্যকর হয়েছে।

“এখন সবাই ৯ শতাংশ সুদে ঋণ পাচ্ছে। আগে যেখানে ১৫/১৬ শতাংশ সুদ দিতে হত। যেহেতু ঋণের সুদের হার কমেছে, সেহেতু রিবেট আর রাখা হচ্ছে না।”

‘ভালো’ ঋণ গ্রহীতাদের প্রণোদনা দিতে গত বছরে মে মাসে ওই সুবিধা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোকে তখন বলা হয়েছিল, ‘ভালো’ ঋণগ্রহীতাদের কাছ থেকে তাদের ঋণের বিপরীতে যে সুদ আদায় করা হবে, তার ১০ শতাংশ ছাড় (রিবেট) দিতে হবে।

অর্থাৎ কোনো গ্রাহকের কাছ থেকে ১০০ টাকা সুদ পাওনা হলে ৯০ টাকা আদায় করে ১০ টাকা ছাড় দিতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, “২০১৯ সালের ১৬ মে জারি করা সার্কুলারের মাধ্যমে ভালো ঋণ/বিনিয়োগ গ্রহীতাদের চলমান/তলবী/মেয়াদী ঋণের ক্ষেত্রে প্রতিবছর সেপ্টেম্বর মাস শেষে বিগত ১২ মাসে (অর্থাৎ বিগত বছরের ০১ অক্টোবর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) ভালো ঋণ গ্রহীতার সংশ্লিষ্ট ঋণের বিপরীতে আদায়কৃত সুদ/মুনাফার অন্যূন ১০ শতাংশ রিবেট সুবিধা প্রদান করতে নির্দেশনা দেওয়া হয়েছিল।

“এক্ষণে, ১ এপ্রিল ২০২০ তারিখ হতে ঋণের উপর সুদ/মুনাফার সর্বোচ্চ হার নির্ধারিত হওয়ায় এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, কোনো গ্রাহক ভালো ঋণ গ্রহীতা হিসেবে বিবেচিত হলে তিনি ৩০ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত রিবেট প্রাপ্য হবেন।”

অর্থাৎ গত বছরের সেপ্টেম্বর থেকে এই ‘রিবেট সুবিধা’ আর পাবেন না ‘ভালো’ ঋণগ্রহীতারা।

তবে বৃহস্পতিবারের নতুন নির্দেশনায় ব্যাংক কর্তৃক ভালো ঋণ গ্রহীতা চিহ্নিতকরণ কার্যক্রম অব্যাহত রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

একইসঙ্গে গত বছরের ১৬ মে’র নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোকে ভালো ঋণগ্রহীতাদের প্রতি বছর বিশেষ সনদ দেওয়া অব্যাহত রাখতে বলা হয়েছে। সেরা ১০ ‘ভালো’ ঋণগ্রহীতার ছবিসহ তাদের ব্যবসা সফলতার সংক্ষিপ্ত চিত্র ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করতেও বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক গত বছরের ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণের যে তথ্য প্রকাশ করেছে; তাতে দেখা যায়, ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলো মোট ১০ লাখ ১১ হাজার ৮২৯ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। এরমধ্যে খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে ৯৪ হাজার ৩৩১ কোটি টাকা।

অর্থাৎ ব্যাংকগুলো ডিসেম্বর পর্যন্ত (অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক) যত টাকার ঋণ বিতরণ করেছে তার ৯ দশমিক ৩২ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১৬ হাজার ২৮৮ কোটি টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে কাগজে-কলমে ২২ হাজার কোটি টাকা খেলাপি ঋণ কমিয়েছে ব্যাংকগুলো।

তবে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণের মোট পরিমাণ কিন্তু ৪২০ কোটি টাকা বেড়েছে।

২০১৮ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ৯৩ হাজার ৯১১ কোটি টাকা।

গত বছরের মে মাসে জারি করা এক সার্কুলারে বলা হয়, ঋণ খেলাপিরা মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে ১০ বছরের মেয়াদে ৯ শতাংশ সুদে ঋণ পরিশোধ করতে পারবেন।

২ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে ‘বিশেষ’ সুবিধার আওতায় ১৫ হাজার কোটি টাকা খেলাপি ঋণ নবায়ন করেছে ব্যাংকগুলো। যার অর্ধেকই করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো।

এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়েও গত বছর বিপুল পরিমাণ খেলাপি ঋণ পুনঃতফসিল করা হয়েছে। সবমিলিয়ে ৫২ থেকে ৫৫ হাজার কোটি টাকা পুনঃতফসিল করা হয়েছে।

এর বাইরে প্রায় ৪০ হাজার কোটি টাকার ঋণ অবলোপন (রাইট অফ) করেছে ব্যাংকগুলো। অর্থাৎ খেলাপি ঋণের হিসাব থেকে এই অর্থ বাদ যাবে, যদিও তা আর ফেরত আসছে না।

অবলোপন করা ঋণ যোগ করলে অবশ্য মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

পুরনো খবর:

সেপ্টেম্বর পর্যন্ত ঋণের কিস্তি না দিলেও খেলাপি নয়
ঋণ গ্রহীতা ‘ভালো’ হলে সুদে ১০% ছাড়