২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লবণের ঘাটতি নেই, আমদানিও লাগবে না: বিসিক

দেশে পর্যাপ্ত মজুদ থাকায় এ বছর লবণ আমদানির প্রয়োজন পড়বে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন-বিসিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 06:36 PM

Updated : 18 Aug 2022, 03:11 PM

রাষ্ট্রায়ত্ত এ সংস্থা বলছে, সদ্য সমাপ্ত লবণ মৌসুমে উৎপাদিত নতুন লবণ এবং গত মওসুম শেষে উদ্বৃত্ত পুরনো লবণ মিলিয়ে দেশে মজুদ আছে ২০ লাখ ০৩ হাজার টন, যা চাহিদার চেয়ে প্রায় দেড় লাখ টন বেশি।

বিসিকের একজন কর্মকর্তা বলেন, নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবে শিল্প লবণ আমদানির উপর শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ওই সুযোগ কাজে লাগিয়ে কেউ যাতে আমদানির নামে বাজারে লবণের দাম বাড়িয়ে দিতে না পারে, সেজন্যই মজুদের সর্বশেষ তথ্য প্রকাশ করেছে বিসিক।

“সামনে কোরবানির ঈদ আসছে, বাজেটেও শিল্প লবণ আমদানির উপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে আশার খবর হচ্ছে, বাংলাদেশে লবণের মজুদ চাহিদার চেয়ে বেশি রয়েছে। ফলে আমদানির নামে দাম বাড়ানোর কোনো সুযোগ থাকছে না।”

সর্বশেষ তথ্য অনুযায়ী, কৃষক পর্যায়ে প্রতি মণ লবণের দাম ১৬০ টাকা থেকে ১৮৫ টাকার মধ্যে রয়েছে।

বিসিকের শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ বিভাগ এবং কক্সবাজারে অবস্থিত বিসিক লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবছরে দেশে ভোজ্য ও শিল্প লবণের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছিল ১৮ লাখ ৪৯ হাজার টন।

এর মধ্যে সদ্য শেষ হওয়া মৌসুমে মোট ১৫ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত লবণ উৎপাদিত হয়। গত মৌসুমের উদ্বৃত্ত লবণ ছিল ৪ লাখ ৩৩ হাজার টন।

চলতি অর্থ বছরের মে মাস পর্যন্ত চাহিদা মিটিয়ে ১ জুন পর্যন্ত মাঠ ও মিল পর্যায়ে লবণের মোট মজুদের পরিমাণ থাকবে ১৩ লাখ ৬৮ হাজার মেট্রিক টন।

এছাড়া দেশের সকল জেলার ডিলার, পাইকারি ও খুরচা বিক্রেতা পর্যায়ে আয়োডিনযুক্ত ভোজ্য লবণেরও মজুদ রয়েছে বলে জানিয়েছে বিসিক।

বিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এমনিতেই করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ায় দেশে শিল্প লবণের চাহিদা তুলনামূলক কম দেখা যাচ্ছে। অন্যদিকে প্রতি বছর নভেম্বর মাসে লবণ উৎপাদনের মৌসুম শুরু হয়ে থাকে। সে হিসেবে নতুন লবণ মৌসুম শুরু হওয়ার আর মাত্র ৫-৬ মাস বাকি। এরপর থেকেই আবারও বাজারে নতুন লবণ আসতে শুরু করবে।”

ফলে মজুদে থাকা লবণ দিয়েই আসন্ন কোরবানির ঈদে পশুর চামড়া প্রক্রিয়াজাত করার পাশাপাশি আগামী ১০ মাস লবণের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে মনে করছে এ সংস্থা।

আগামী নভেম্বরে নতুন মৌসুমের লবণ বাজারে মিলবে জানিয়ে বিসিক বলছে, এ বছর লবণ আমদানির কোনো প্রয়োজন হবে না।

পুরনো খবর

চাহিদার ৬ গুণ বেশি লবণ মজুদ আছে: সরকার  

লবণের দাম বৃদ্ধির গুজব, হবিগঞ্জে ৪ ব্যবসায়ীর দণ্ড  

লবণ নিয়ে গুজব সরকারকে বিব্রত করতে, বলছেন ব্যবসায়ীরা  

লবণ: সারাদেশে অর্ধশতাধিক দোকানির সাজা, আটক ২৩  

দেশে লবণের ঘাটতি নেই: বিসিক  

লবণ নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: সরকার  

লবণ চাষীদের ৪% সুদে ঋণ দিতে বিসিকের অনুরোধ