২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লবণ চাষীদের ৪% সুদে ঋণ দিতে বিসিকের অনুরোধ

লবণ চাষীদের সহজ শর্তে চার শতাংশ সুদে ঋণ দিতে কক্সবাজারের সাতটি ব্যাংকের প্রতি অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন- বিসিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2020, 05:13 PM

Updated : 18 Aug 2022, 03:00 PM

সম্প্রতি কক্সবাজারে বিসিকের লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ হাফিজুর রহমানের মাধ্যমে এ চিঠি দেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যেসব ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে সেগুলো হল- কক্সবাজারে অবস্থিত সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রুপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং কর্মসংস্থান ব্যাংক।

চিঠিতে বলা হয়, “বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের বিভিন্ন শিল্পখাতের ন্যায় লবণ শিল্পখাতও  ক্ষতির সম্মুখিন হচ্ছে। সারাদেশে লকডাউনের কারণে স্থানীয় প্রশাসনের নির্দেশনায় ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে লবণ উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ফলে প্রচুর পরিমাণে লবণ উৎপাদন হলেও চাষিরা এর উপযুক্ত মূল্য পাচ্ছে না।”

প্রধানমন্ত্রী ইতোমধ্যে ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ২০১৯-২০২০ অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে দেশের উপকূলীয় অঞ্চলের লবণ চাষীদেরকে সহজ শর্তে ঋণ দেওয়ার নির্দেশনা রয়েছে। 

এ নীতিমালা এবং করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট শিল্প খাতের ক্ষতি পুষিয়ে নিতে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় লবণ চাষীদেরকে চার শতাংশ সুদে রেয়াতি সুবিধায় (সহজ শর্তে) ঋণ দিতে ব্যাংকগুলোর কক্সবাজার শাখার সহকারী মহাব্যবস্থাপকদের প্রতি বিসিকের পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়।