২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত মাশুল নিচ্ছে শিপিং কোম্পানিগুলো: ডিসিসিআই

করোনাভাইরাসের এই সঙ্কটকালে সরকারের আদেশ উপেক্ষা করে শিপিং কোম্পানিগুলো বাড়তি মাশুল নিচ্ছে বলে অভিযোগ এসেছে ব্যবসায়ীদের পক্ষ থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2020, 07:17 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।

ব্যবসায়ী সংগঠনটি বলছে, এই কারণে আমদানি করা পণ্যের দাম দেশের বাজারে বেড়ে যাচ্ছে।

করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বের অর্থনীতি অনেকটা স্থবির হয়ে পড়ায় আমদানি-রপ্তানি কার্যক্রম হচ্ছে ব্যাহত। বন্দরে পণ্য বা কন্টেইনারও জমে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “লকডাউন চলা অবস্থায় কিছু বিদেশি শিপিং কোম্পানি বা এজেন্ট আমদানিকারকদের উপর তাদের মর্জিমত অতিরিক্ত কন্টেইনার ডিটেনশন বা ডেমারেজ চার্জ আরোপ করছে।

“কোনো নির্দিষ্ট নীতিমালা না থাকার দরুন শিপিং কোম্পানিগুলো বা এজেন্ট বা তাদের মনোনিত ফ্রেইট ফরওয়াডার্সরা এ অতিরিক্ত চার্জ আরোপ করতে পারছে।”

অতিরিক্ত মাশুল আরোপের ফলে আমদানি করা উৎপাদনমুখী শিল্পের কাঁচামালের মূল্য যেমন বাড়ছে, তেমনি বিশ্ববাজারে রপ্তানি সক্ষমতাও কমিয়ে দিচ্ছে বলে ডিসিসিআইর ভাষ্য।

বাংলাদেশ নৌ-পরিবহন অধিদপ্তর গত ২৯ এপ্রিল দেওয়া এক নির্দেশনায় শিপিং কোম্পানিগুলো বা তাদের এজেন্টদের লকডাউন চলাকালে কোনো প্রকার ‘ডেমারেজ চার্জ’ আরোপ না করতে বলেছিল।

তবে সেই নির্দেশনা মানা হচ্ছে না বলে ডিসিসিআইর দাবি।

“শিপিং কোম্পানিগুলো কন্টেইনার ডেমারেজ চার্জ আরোপ অব্যাহত রেখেছে, যা এ কঠিন সময়ে আমদানিকারকদের উপর বাড়তি বোঝা হিসেবে গণ্য হচ্ছে।”

এক্ষেত্রে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে ডিসিসিআই।

পুরনো খবর:

বন্দরে কন্টেইনার ভাড়া মওকুফ ১৬ মে পর্যন্ত