অগ্রিম দেওয়া কর সঙ্কটকালে ফেরত চান সিমেন্ট শিল্প মালিকরা
করোনাভাইরাস সঙ্কটে পড়ে সরকারি কোষাগারে জমা দেওয়া ৭৫০ কোটি টাকা ফেরত চেয়েছে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
পুঞ্জিভূত অগ্রীম আয়কর ফেরত পেতে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন সমিতির সভাপতি আলমগীর কবির।
সিমেন্ট শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছে, সিমেন্ট উত্পাদনকারীরা প্রতি বছর সরকারকে আগাম কর দেয়। বছর শেষে প্রতিটি কোম্পানির করদায় হিসাব করা হলে দেখা যায়, কোম্পানিগুলো বাড়তি কর দিয়েছে।
এভাবে জমতে জমতে গত অর্থবছর পর্যন্ত কোম্পানিগুলো সরকারের কাছে প্রায় ৭৫০ কোটি টাকা পাওনা হয়েছে বলে জানান তারা।
করোনাভাইরাস সঙ্কটে অন্য শিল্পখাতের মতো সিমেন্ট খাতও বিপর্যস্ত। উৎপাদন ৯০ শতাংশ বন্ধ বলে এই খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তাই সঙ্কটে পড়ে সরকারকে দেওয়া আগাম কর এখন ফেরত পেলে কোম্পানিগুলোর হাতে কিছু নগদ অর্থ আসবে বলে এই পদক্ষেপ বলে জানান আলমগীর।
“যদি ১০% হারে সুদ বিবেচনায় নেওয়া হয়, তাহলে সিমেন্ট খাতটি শুধু সুদ হিসাবে প্রতি বছর ৭৫ কোটি টাকা হারাচ্ছে। দুঃখের বিষয় যে, এ ফেরতযোগ্য টাকাগুলো বছরের পর বছর পড়ে থাকে এবং বারবার আবেদন করা সত্ত্বেও তা নগদে ফেরত পাওয়া যায় না।”
সিমেন্ট উত্পাদন শিল্পের দুরবস্থা তুলে ধরে আলমগীর বলেন, “বিগত কয়েক বছর যাবত এ শিল্প খাতটি বিভিন্ন সমস্যায় ভুগছে। সারাদেশে সিমেন্টের চাহিদা ৩৩ মিলিয়ন টন হলেও আমাদের মোট উৎপাদন ক্ষমতা রয়েছে ৭৮ মিলিয়ন টন। আগামী তিন বছরে সিমেন্ট উৎপাদন ক্ষমতা আরও ১১ টন যুক্ত হবে। কঠিন প্রতিযোগিতায় গত কয়েক বছর যাবত সিমেন্টের দাম ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে।
“নভেল করোনাভাইরাস সিমেন্ট শিল্প খাতে বড় ধরনের আঘাত হেনেছে। গত বছরের এপ্রিল মাসের তুলনায় এবছরের এপ্রিল মাসে সারা দেশে সিমেন্ট বিক্রির পরিমাণ ৪৬% হ্রাস পেয়েছে।”
তিনি বলেন, তাহলে অর্থাভাবে থাকা কোম্পানিগুলো কিছু নগদ অর্থের সরবরাহ পাবে।
“বিষয়টি বাস্তবায়িত হলে সিমেন্ট কোম্পানিগুলো জীবন ফিরে পাবে, যেহেতু অনেক কোম্পানি লোকসান করার কারণে বন্ধ হয়ে যাচ্ছে।”
সিমেন্ট কোম্পানিগুলো চলতি অর্থ বছর এবং আগামী অর্থবছরেও লাভে আসতে পারবে না বলে মনে করেন সমিতির সভাপতি আলমগীর।
“সিমেন্ট কোম্পানিগুলো কর পূর্ববর্তী খুব সামান্য মুনাফা করে। এ বছর সমস্ত সিমেন্ট কোম্পানিরই লোকসান হচ্ছে। আশংকা করছি যে যেহেতু অর্থনীতিতে গতি ফিরে আসতে সময় লাগবে, সেহেতু সিমেন্ট বিক্রিতে মন্দাভাব বিরাজ করব।”
“সিমেন্ট খাত শ্রম ঘন হওয়ায় কোম্পানিগুলো তাদের শ্রমিকদের বেতন-ভাতা প্রদান করে যাচ্ছে এবং এজন্য প্রতিমাসে ১০০ কোটি টাকারও বেশি খরচ হচ্ছে যার পুরোটাই লোকসানের হিসাবে চলে যাচ্ছে,”, বলেন তিনি।
