২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে আরেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজন ব্যাংক কর্মকর্তা মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2020, 11:32 PM

Updated : 08 Apr 2022, 12:47 AM

শহিদুল ইসলাম খান নামের এই কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের রিসার্স অ্যান্ড প্ল্যানিং বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ছিলেন।

রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক খান ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহিদুল ইসলাম খান শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

৪৮ বছর বয়সী শহিদুলের স্ত্রী এবং এক মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়ে নবম শ্রেণিতে পড়ে। ছেলের বয়স ছয় বছর। ছেলেও কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছে বলে জানান খান ইকবাল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহিদুল ইসলামের সপ্তাহ দুয়েক আগে কোভিড-১৯ ধরা পড়ে। প্রথম দিকে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। ১০-১২ দিন আগে হাসপাতালে ভর্তি হন। তিন দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি।

কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের সমন্বয়ক ডাক্তার শিহাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি ১০ দিন আগে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে মারা গেছেন। তিনি আমাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিলেন। কোভিড-১৯ এর পাশাপাশি তার অন্যান্য শারীরিক জটিলতা ছিল।”

শহিদুল ইসলাম খানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে। ঢাকায় পরিবার-পরিজন নিয়ে বাসাবোতে থাকতেন তিনি। তার মরদেহ দাফনের জন্য রাতেই গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ইকবাল।

এর আগে গত ২৬ এপ্রিল বেসরকারি সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগের এফভিপি মুজতবা শাহরিয়ার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া নতুন করোনাভাইরাস সংক্রমণ এখন বাংলাদেশে বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ২০২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৬৫ জন। এই রোগে এর আগে মারা গেছেন ২৯৮ জন।

পুরনো খবর:

করোনাভাইরাসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
করোনাভাইরাস: ব্যাংকাররা এখন আতঙ্কে