২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ লাখ পরিবারকে ‘প্রধানমন্ত্রীর ঈদ উপহার’ পৌঁছে দিচ্ছে বিকাশ

কোভিড-১৯ মহামারীর বিস্তার নিয়ন্ত্রণে চলমান লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে ঈদ উপলক্ষে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা দিচ্ছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2020, 06:59 PM

Updated : 08 Apr 2022, 12:46 AM

বৃহস্পতিবার গণভবন থেকে এসব সুবিধাভোগীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে নগদ অর্থ পাঠানোর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

‘প্রধানমন্ত্রীর ঈদ উপহার’ হিসেবে অসহায় মানুষদের এই টাকা দেওয়া হচ্ছে।

এই ৫০ লাখ পরিবারের মধ্যে ১৫ লাখ পরিবারের কাছে টাকা পৌঁছে দেবে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  বিকাশের মাধ্যমে ১৫ লাখ দুস্থ পরিবারের কাছে সরকারি এই অর্থ সহায়তা পৌঁছে যাচ্ছে ঈদের আগেই। রমজান ও ঈদের সময় এই অর্থ সাহায্য কিছুটা হলেও স্বস্তি দেবে এবং জরুরী প্রয়োজনে কাজে আসবে।

সরকারী সাহায্যের এই টাকা ক্যাশআউটের ক্ষেত্রে উপকারভোগীর কোন খরচ লাগছে না। মোট ক্যাশআউট খরচের ১৫ টাকা দেবে সরকার, বাকি ৩১ টাকা ২৫ পয়সা বিকাশ বহন করবে এই মহতী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ভেরিফিকেশনের মাধ্যমে বিকাশ নিশ্চিত করেছে যেন সঠিক পরিবারের কাছেই অর্থ সহায়তাটি পৌঁছায়। সাহায্য পাওয়া পরিবারের সদস্যরা যেন নির্বিঘ্নে এই টাকা ক্যাশআউট করতে পারেন সে ব্যাপারে সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এটাই ডিজিটাল বাংলাদেশের সুফল। হাতে হাতে টাকা নিতে হবে না, কারো কাছে ধন্না দিতে হবে না, কাউকে বলতে হবে না। টাকা সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের  মাধ্যমে পৌঁছে যাবে।”

অনুষ্ঠানে ভিডিও কনফারন্সিংয়ের মাধ্যমে অংশ নিয়ে বরগুনা জেলার একজন জেলে এবং শরীয়তপুর জেলার একজন ভ্যানচালক এই আর্থিক সহায়তা পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার দূরদর্শী পদক্ষেপের কল্যাণেই এই মহামারী পরিস্থিতিতেও সহজেই প্রান্তিক মানুষের কাছে অর্থ সহায়তা পৌঁছানো সম্ভব হল। এই কার্যক্রমের সাথে জড়িত থাকতে পেরে বিকাশ গর্বিত। এই কঠিন সময়ে রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের সরকারের প্রণোদনায় বেতন বিতরণের কাজ স্বচ্ছতার সাথে সম্পন্ন করছে বিকাশ।

“আমাদের বিশ্বাস, কোন রকম ঝামেলা ছাড়াই বাড়তি কোন খরচ না করে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাওয়া উপকারভোগীরাও বাড়ির কাছের বিকাশ এজেন্টের কাছ থেকে খুব সহজে ক্যাশআউট সেবা নিতে পারবেন।”

অপর তিন মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের মাধ্যমে ১৭ লাখ, রকেটের মাধ্যমে ১০ লাখ এবং শিওরক্যাশের মাধ্যমে ৮ লাখ পরিবারের কাছে চলে ‘প্রধানমন্ত্রীর ঈদ উপহার’।

পুরনো খবর:

৫০ লাখ পরিবার পাবে ‘প্রধানমন্ত্রীর ঈদ উপহার’