কোভিড-১৯ যোদ্ধাদের আড়াই লাখ জোড়া জুতা দেবে বাটা
কোভিড-১৯ মহামারী মোকাবিলায় সামনে থেকে দায়িত্ব পালন করা বিশ্বের স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী ও তাদের পরিবারের মাঝে ১০ লাখ জোড়া জুতা বিতরণ করবে বাটা।
এরমধ্যে এক চতুর্থাংশ অর্থাৎ আড়াই লাখই বিতরণ করা হবে বাংলাদেশে।
শনিবার বহুজাতিক এই প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সব দেশে ও অঞ্চলে ‘বাটা’র কার্যক্রম পরিচালিত হচ্ছে সেখানকার জনসাধারণের প্রতি বাটার বিশেষ দায়বদ্ধতা রয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে বাটা এমনটাই বিশ্বাস করে।
আর সেই দায়বোধ থেকে চলমান কোভিড-১৯ দুর্যোগ মোকাবিলায় বাটা ওই সকল অঞ্চলে কর্তব্যপালনরত সম্মুখ সারির আত্মত্যাগী যোদ্ধাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
“দায়িত্বরত স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী এবং তাদের পরিবারের মাঝে বাটা বিতরণ করবে ১০ লাখ জোড়া জুতা। ইউরোপ, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বেশ কয়েকটি দেশের মানুষের কাছে এই অনুদান পৌঁছাবে।
বাটা বাংলাদেশের হেড অব মার্কেটিং ইফতেখার মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মোট ১০ লাখ জোড়া জুতা বিতরণ করা হবে। এরমধ্যে আড়াই লাখের মতো বাংলাদেশের স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের মধ্যে বিতরণ করা হবে; যারা নিজের জীবনের ঝুকি নিয়ে দায়িত্ব পালন করছেন।”
বাটার প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সিস নাসার্ড বলেন, “এই সঙ্কটাপন্ন সময়েও বাটা তাদের কর্মী ও ভোক্তাদের সুস্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে যে কোনো পদক্ষেপ গ্রহণে অঙ্গীকারবদ্ধ। ভোক্তাদের সেবা প্রদানে আমাদের সর্বোচ্চ চেষ্টাটি আমরা অব্যাহত রাখতে চাই। পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা নিয়ে পাশে থাকতে চাই জনসাধারণ ও দায়িত্বরত স্বাস্থ্যকর্মীদের।
“আগের যে কোনো সময়ের চেয়ে এই মুহূর্তে আমাদের মূল্যবোধকে সমুন্নত রাখার ব্যাপারে আমরা বেশি জোর দিচ্ছি। এর মাধ্যমেই আমরা আমাদের গ্রাহক, কর্মী, সরবরাহকারী ও সর্বোপরি জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখতে পারবো।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিন-১৯ মহামারী শুরু হওয়ার পর থেকে 'বাটা হিরোস' শীর্ষক কর্মোদ্যোগের মাধ্যমে ভারত, চেক প্রজাতন্ত্র, বাংলাদেশ, পাকিস্তান, কলম্বিয়া, ইতালি, কেনিয়া, জিম্বাবুয়ে, চিলি, পেরু, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো বৈচিত্র্যপূর্ণ দেশগুলোয় দীর্ঘদিন ধরে কার্যকর নিজস্ব প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা, রাষ্ট্রীয় ও প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং অন্যান্য সহযোগী সংস্থার সাথে একযোগে কাজ করে যাচ্ছে।
এর অংশ হিসেবে বাটা স্বাস্থ্যকর্মীদের জন্য ফেস মাস্ক, ফেস শিল্ড এবং প্রতিরক্ষামূলক পোশাক (পিপিই) উৎপাদন ও বিতরণ করেছে। এছাড়া ‘বাটা চিলড্রেনস প্রোগ্রাম’ এবং ‘বাটা শু ফাউন্ডেশন’ এর মাধ্যমে অনুদান হিসেবে জনগণকে খাদ্য, পরিচ্ছন্নতামূলক পণ্য ও অর্থ সহায়তা দিয়েছে।
১৮৯৪ সালে প্রতিষ্ঠিত বাটা আরামদায়ক ও আকর্ষণীয় ডিজাইনের জুতা প্রস্তুতকারক হিসেবে সারাবিশ্বে সমাদৃত। পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠানটির পাঁচ মহাদেশজুড়ে ৫৮ হাজার স্টোর রয়েছে, যা থেকে বছরে ১৮০ মিলিয়নেরও বেশি জুতা বিক্রি হয়।
