বাজারে এল কেরুর ভিনেগার
হ্যান্ড স্যানিটাইজারের পর এবার ভিনেগার বিপণন শুরু করল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি।
পণ্য বৈচিত্র্যকরণ কর্মসূচির ধারাবাহিকতায় ‘কেরুজ ভিনেগার’ তৈরি করা হল বলে জানিয়েছে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন এই ডিস্টিলারি কোম্পানি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্যানিটাইজারের চাহিদা বেড়ে গেলে তা উৎপাদন শুরু করে কেরু। সম্প্রতি জৈব সার উৎপাদনও শুরু করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেরুজ ভিনেগার বাজারে আসার কথা জানানো হয়।
ভিনেগার বা সিরকা তৈরি হয় অ্যাসিটিক অ্যাসিড ও পানির মিশ্রণে, যা ব্যবহৃত হয় রান্নায়। এছাড়া খাবার সংরক্ষণেও ভিনেগারের ব্যবহার রয়েছে।
কেরুর ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ বলেন, তারা দুই ধরনের ভিনেগার উৎপাদন করেন। সাদা ভিনেগার ও মল্টেড ভিনেগার।
১৯৯৫-৯৬ সালে কেরুর ফার্মাসিউটিক্যাল বন্ধ হয়ে যাওয়ার পর ডিস্টিলারি সহায়ক পণ্য শাখা স্থাপন করে ভিনেগার উৎপাদন শুরু হয়।
তিনি বলেন, কারখানায় ভিনেগারের বার্ষিক উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ ৩০ হাজার লিটার। প্রতি ৪৫০ মিলি লিটারের বোতল ৫০ টাকা ও ৭৫০ মিলিলিটারের বোতল ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
চিনি ও ডিস্টিলারি পণ্য উৎপাদনের লক্ষ্যে ১৯৩৮ সালে কুষ্টিয়ায় কেরু অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
