রোজায় টিসিবির পণ্য বিক্রিতে থাকবে ৩ হাজার ডিলার
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে রাজধানীতে ৯০টিসহ সারা দেশের ৪০০টি জায়গায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে রাষ্ট্রায়ত্ত বিপণন প্রতিষ্ঠান টিসিবি।
সারাদেশে প্রায় ৩ হাজার পরিবেশকের মাধ্যমে তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রির কার্যক্রম জোরদার করা হয়েছে বলে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকার ৯০টি স্থানে, চট্টগ্রামে ৩০টি স্থানসহ দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নিয়োজিত পরিবশেকরা টিসিবির পণ্য বিক্রি করবেন।
এতে বলা হয়, ঢাকা সিটি করপোরেশন এলাকায় ট্রাকে করে টিসিবি বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে আটটি ভ্রাম্যমাণ ‘মনিটরিং টিম’ কাজ করে যাচ্ছে।
“টিসিবিরর পণ্য বিক্রয় নিয়ে যে কোনো অনিয়ম করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
এ ধরনের অনিয়মের সাথে কেউ জড়িত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য টিসিবি-কে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।
গত ৭ এপ্রিল এ বিষয়ে টিসিবি থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। দেশের বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, র্যাব ও পুলিশ প্রশাসনকে সংঘটিত অনিয়মের যে কোন অভিযোগ সুপারিশসহ টিসিবির প্রধান কার্যালয়ে পাঠানো অনুরোধ করা হয়েছে।
এছাড়া দেশের প্রচার মাধ্যমে কোন অনিয়ম প্রকাশিত হলে সংশ্লিষ্ট ডিলার ও ব্যক্তির বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
