টিসিবির ৯ ডিলারের লাইসেন্স বাতিল
করোনাভাইরাস সঙ্কটের মধ্যে অনিয়মের অভিযোগে মার্চ মাস থেকে এ পর্যন্ত সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৯ জন ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, দেশে প্রায় তিন হাজার ডিলারের মাধ্যমে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় করা হচ্ছে। বিগত মার্চ মাস থেকে এ পর্যন্ত অনিয়মের অভিযোগে ৯ জন ডিলারের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
আরও ৪ ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় মন্ত্রণালয়।
টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় নিয়ে যে কোনো অনিয়ম করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় নিয়ে কোনো কোনো স্থানে কিছু অনিয়মের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব ঘটনা বাণিজ্যমন্ত্রীর দৃষ্টিতে এসেছে।
“বাণিজ্যমন্ত্রীর নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে আইন মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টিসিবি’র ন্যায্য মূল্যের পণ্য বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
এরপরও এ ধরনের অনিয়মে কেউ জড়িত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য টিসিবিকে নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ৭ এপ্রিল এ বিষয়ে টিসিবি থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। দেশের বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র্যাব ও পুলিশ প্রশাসনকে সংঘটিত অনিয়মের যে কোন অভিযোগ টিসিবি’র প্রধান কার্যালয়ে প্রেরণের অনুরোধ করা হয়েছে।
দেশের প্রচার মাধ্যমে কোন অনিয়ম প্রকাশিত হলে সংশ্লিষ্ট ডিলার ও ব্যক্তির বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
