ব্যাংকগুলোর ঋণ দেওয়ার ক্ষমতা বাড়াতে বাড়ল এডিআর
করোনাভাইরাস সঙ্কটে শিল্প খাতে প্রণোদনা ব্যাংকের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ব্যাংকগুলোর ঋণ দেওয়ার ক্ষমতা বাড়াতে এবার একটি ‘বিশেষ’ সুযোগ দেওয়া হয়েছে।
এখন থেকে সাধারণ ব্যাংকগুলোর ঋণ-আমানত অনুপাত (এডিআর) হবে ৮৭ শতাংশ; আর ইসলামী ব্যাংকের ক্ষেত্রে হবে ৯২ শতাংশ।
অর্থাৎ এখন থেকে সাধারণ কোনো ব্যাংক ১০০ টাকা আমানত গ্রহণ করলে ৮৭ টাকা ঋণ বিতরণ করতে পারবে। আর ইসলামী ব্যাংকগুলো ১০০ টাকা আমানত সংগ্রহ করলে ৯২ টাকা ঋণ দিতে পারবে।
এতদিন সাধারণ কোনো ব্যাংক ১০০ টাকা আমানত গ্রহণ করলে ৮৫ টাকার বেশি ঋণ বিতরণ করতে পারত না। আর ইসলামী ব্যাংকগুলো ১০০ টাকা আমানত সংগ্রহ করলে ৯০ টাকা পর্যন্ত ঋণ দিতে পারত।
বাংলাদেশ ব্যাংক রোববার নতুন এডিআর নির্ধারণ করে দিয়ে এক সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
তাতে বলা হয়েছে, নভেল করোনাভাইরাস মহামারীতে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচটি প্যাকেজের আওতায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার যে প্রণোদনা ঘোষণা করেন, তা বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে এই সুবিধা দেওয়া হয়েছে।
রেপো সুদহার এবং সিআরআর কমানোর পর এডিআর বাড়ানোয় ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা আরও বাড়বে বলে একে স্বাগত জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি মনে করি, এটা সময়োপযোগী সিদ্ধান্ত। তবে আমি আবারও বলবো রেপো সুদহার ৪ শতাংশে নামিয়ে আনলে ভালো হত।”
এই পরিস্থিতিতে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার ক্ষমতা বাড়াতে গত বৃহস্পতিবার বড় ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের হার (সিআরআর) ১ শতাংশ পয়েন্ট কমানো হয়েছে, যা কার্যকর হবে ১৫ এপ্রিল থেকে।
সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের রেপো সুদহার শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট কমিয়ে ৫ দশমিক ২৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এ নির্দেশনা ১২ এপ্রিল থেকে কার্যকর হবে।
