২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে অফিসার পদে আবেদনের সময় বাড়ল

রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও রূপালীসহ সাত ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার পদে ২ হাজার ৪৬ জন কর্মকর্তা নিয়োগের আবেদনের সময় বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2020, 07:35 PM

Updated : 18 Aug 2022, 02:39 PM

আগ্রহী প্রার্থীরা এখন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে ১১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

গত ১৬ ফেব্রুয়ারি প্রচারিত বিজ্ঞপ্তি অনুযায়ী,  ৮ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ ছিল।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত নয় আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ পদে আবেদনপত্র পূরণ এবং ফি প্রদানের শেষ সময় ১১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট।

ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ সময় ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট।আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ সময় ছিল ১০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

গত ১৬ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তি অনুসারে, সোনালী ব্যাংকে ৩১৫ জন, জনতা ব্যাংকে ৩৬৯ জন, রূপালী ব্যাংকে ৪৭০ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ১৪ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৫৩০ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৮৯ জন এবং কর্মসংস্থান ব্যাংকে ৭ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ৪৭ জন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ৫ জন নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ১ জুলাই ২০১৯ তারিখের মধ্যে সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

২০০ টাকা আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ‘রকেট’ এর মাধ্যমে পাঠাতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক  (সম্মান) /সমমান ডিগ্রি থাকতে হবে।

শিক্ষাজীবনে কমপক্ষে একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোন পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।

বেতন স্কেল

বেতন স্কেল- জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬,০০০…৩৮,৬৪০ স্কেল এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা।

পুরনো খবর:

২০৪৬ অফিসার নেবে রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংক