২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংযোগ ফি মওকুফে পতন থেকে ল্যান্ডফোনের রক্ষা: বিটিসিএল এমডি

রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিটিসিএলের ল্যান্ডফোনের সংযোগ ফি মওকুফসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ায় ল্যান্ডফোন সেবা থেকে মানুষের চলে যাওয়ার প্রবণতা ঠেকানো সম্ভব হয়েছে বলে বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল মতিন জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2020, 07:15 PM

Updated : 18 Aug 2022, 02:27 PM

মঙ্গলবার টেলিকম খাতের সংবাদ সংগ্রহে নিয়োজিত প্রতিবেদকদের সঙ্গে বিটিসিএল কার্যালয়ে ‘বিটিসিএলের ব্র্যান্ডিং এবং গণমাধ্যম’ শীর্ষক এক কর্মশালায় প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিটিসিএলের ল্যান্ডফোনের সংযোগ ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুরো ২০২০ সালে এ সুবিধা পাওয়া যাবে।

এছাড়া বিটিসিএল ল্যান্ডফোনে মাসিক ভাড়া ১৮০ টাকা আগেই তুলে দেওয়ার সঙ্গে ১৫০ টাকায় সারা মাস কথা বলার সুযোগ দেওয়া হয়েছে।

এসব সিদ্ধান্তের পর ল্যান্ডফোনের সংযোগ বেড়েছে কি না জানতে চাইলে রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিন বলেন, “আমার নিজস্ব কিছু ডেটা আছে, যে ফলটা (পতন) হচ্ছিল সেটা স্থির অবস্থানে রয়েছে। একটি বৈঠকের পর আগামী ১১ ফেব্রয়ারিতে পুরোপুরি তথ্য দেওয়া যাবে, যে ফিডব্যাক পেয়েছি তা পতনটা হচ্ছিল তা রোধ করা সম্ভব হয়েছে।

“বিলিং ডেটা থেকে যা পাওয়া গেছে সেই তথ্য থেকে এটা বোঝা যায় গত ১৩ মাসের মধ্যে এই প্রথম মাস সর্বনিম্ন ‘ক্লোজিং’ হয়েছে ৪ হাজার ৬৬৭টি। এর আগে এত কম এক মাসে হয়নি, কানেকশন বৃদ্ধির তথ্য আগামীতে দেওয়া যাবে।”

বিটিসিএল ফোন সংযোগ নিতে ঢাকায় এক হাজার টাকা জামানত, এক হাজার টাকা সংযোগ ফি ও ১৫০ টাকা ভ্যাটসহ মোট দুই হাজার ১৫০ টাকা দিতে হত। চট্টগ্রামে সংযোগ ফি ৫০০ টাকা এবং দেশের অন্যান্য স্থানে সংযোগ ফি ৩০০ টাকা দিতে হত। তবে এখন ফি ছাড়াই সংযোগ নিতে পারছে আগ্রহী গ্রাহকরা।

বিটিসিএলের হিসাবে, বর্তমানে দেশে ল্যান্ডফোনের সংখ্যা ৫ লাখের কিছু বেশি। ২০০৯ সালে সারা দেশে ৮ লাখ ৬০ হাজারের মত গ্রাহক ছিল। এ কয়েক বছরে তিন লাখের বেশি গ্রাহক হারিয়েছে এ প্রতিষ্ঠানটি।

কর্মশালায় উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা বিটিসিএলের টেলিসেবা নামে মোবাইল অ্যাপ এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন।

পুরনো খবর:

মুজিববর্ষ: বিটিসিএলের ফোনে সংযোগ ফি লাগবে না