বাণিজ্য মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত
ব্যবসায়ীদের দাবির পর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে।
মেলার আয়োজক কমিটির সদস্য সচিব ইপিবি কর্মকর্তা আব্দুর রউফ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।
“ব্যবসায়ীদের দ্বিতীয় বার আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী মহোদয় মেলার সময় আরও দুই দিন বাড়িয়েছেন।
“প্রথম দফায় সময় বাড়ানোর পর ব্যবসায়ীরা দ্বিতীয়বার সময় বাড়ানোর আবেদন নিয়ে আসেন। সার্বিক দিক বিবেচনা করে এই সময় বৃদ্ধি করা হয়।”
বছরের প্রথম দিন মেলা শুরুর পর প্রথম শুক্রবার বৃষ্টির কারণে বিকিকিনি জমতে পারেনি। গত ১০ জানুয়ারি শুক্রবার মেলাপ্রাঙ্গণের পাশে পুরাতন তেজগাঁও বিমানবন্দরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরুর অনুষ্ঠান থাকায় নিরাপত্তার কারণে সেদিন পূর্ণদিবস মেলা বন্ধ থাকে।
এরপর ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে ৩১ জানুয়ারি শুক্রবার এবং ১ ফেব্রুয়ারি শনিবারও মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত হলে মেলার সময় ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এছাড়া ৮, ৯ ও ২২ জানুয়ারি অধাবেলা করে মেলা বন্ধ থাকে।
ছুটির দিনগুলোতে মেলা চালাতে না পারায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর আবেদন ছিল তাদের।
ইপিবি কর্মকর্তা আব্দুর রউফ জানান, সোমবার বিকালে বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে ব্যসায়ীরা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে মেলার মেয়াদ আরও কয়েকদিন বাড়ানোর দাবি জানান।
পরে মন্ত্রী ইপিবির কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। সেই বৈঠকেই মেলার সময় আরো দুইদিন বাড়ানোর সিদ্ধান্ত আসে।
