২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাণিজ্যমেলা চান ব্যবসায়ীরা

বিভিন্ন কারণে তিন দিন বন্ধ থাকায় এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময় ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলেও তাতে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2020, 11:50 PM

Updated : 10 Oct 2022, 06:56 PM

আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিন বিনা ভাড়ায় মেলার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের সংগঠন আন্তর্জাতিক বাণিজ্যমেলা অংশগ্রহণকারী অ্যাসোসিয়েশন বিডির পক্ষ থেকে বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণের ১ নম্বর গেইটে এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়।

বছরের প্রথম দিন মেলা শুরুর পর প্রথম শুক্রবার বৃষ্টির কারণে বিকিকিনি জমতে পারেনি। ১০ জানুয়ারি শুক্রবার মেলাপ্রাঙ্গণের পাশে পুরাতন তেজগাঁও বিমানবন্দরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরুর অনুষ্ঠান থাকায় নিরাপত্তার কারণে সেদিন পূর্ণদিবস মেলা বন্ধ থাকে।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে ৩১ জানুয়ারি শুক্রবার এবং ১ ফেব্রুয়ারি শনিবারও মেলা বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া ৮, ৯ ও ২২ জানুয়ারি অধাবেলা করে মেলা বন্ধ থাকে।

ছুটির দিনগুলোতে মেলা চালাতে না পারায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয় সংবাদ সম্মেলনে।

৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিনা ভাড়ায় মেলায় ব্যবসা করার সুযোগ দাবি করে আন্তর্জাতিক বাণিজ্যমেলা অংশগ্রহণকারী অ্যাসোসিয়েশন বিডির সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, “কোনো প্রকার ধারাবাহিকতা রক্ষা না করে ১ মাসের মধ্যে ৬ দিন ইপিবি কর্তৃক বন্ধ রেখে আবার চালু করার কারণে মেলার দর্শনার্থীরা বিপাকে পড়ে যায়। হাজার হাজার মানুষ গেইটে এসে ফেরত যায়। তাতে মেলার মানুষের লোক সমাগম কম হয়।

"বাণিজ্যমেলার ২৫ বছরের ইতিহাসে এমনটা প্রথমবার হয়েছে। এর আগে ব্যবসায়ীরা এতটা ক্ষতিগ্রস্ত কখনও হননি। আমরা ভিক্ষা চাই না, আমাদের বর্তমান সরকার ব্যবসায়ীবান্ধব। আমি আশা করি ৪ তারিখ পর্যন্ত যেখানে মেলার সময়সীমা বাড়ানো হয়েছে, ৮ তারিখ পর্যন্তও বাড়ানো হবে।"

সংগঠনের সভাপতি মীর সহিদুল আলম বলেন, “আমাদের ন্যায়সঙ্গত দাবি ইপিবি না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করতে ব্যবসায়ী সংগঠন বাধ্য থাকবে।”

এদিকে শেষ দিকে এসে বেচাকেনার ধুম চলছে মেলায়। সিটি নির্বাচনের প্রচারের শেষ দিনে মেলায় আসার পথে দর্শনার্থীদের ঝক্কি পোহাতে এলেও বিকালে ছিল উপচে পড়া ভিড়।

শেষ দিকে এসে মেলার অনেক স্টলেই মূল্যছাড় আর অফারের ছড়াছড়ি। বিশেষ করে পোশাক, প্রসাধনী, আসবাবপত্র, জুয়েলারি পণ্যে রয়েছে বিশেষ ছাড়।

ডায়মন্ড ওয়ার্ল্ড প্যাভিলিয়নের বিক্রয় প্রতিনিধি মো. রাকিব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “মেলা উপলক্ষে হীরার গয়নায় আমরা ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছি। শেষ দিকে এসে আমাদের ক্রেতার সংখ্যাও বেড়েছে। সিটি নির্বাচনের কারণে আমাদের বিক্রিতে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।"

বনশ্রী থেকে মেয়েকে নিয়ে মেলায় ঘুরতে এসেছিলেন পলাশ হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, " শেষের দিনগুলোতে সবকিছুর দাম একটু কম থাকে। তাই কষ্ট করে হলেও এই সময়টায় মেলায় আসার সময় বের করে নিই।"

ইডেন মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌটুসি কর্মকার বলেন, "আজকে সরস্বতী পূজার কারণে বের হয়েছি। সকালে পূজা সেরে মেলায় ঘুরতে এসেছি। কিছু কসমেটিকস কিনলাম, আর মায়ের জন্য একটা সুয়েটার কিনলাম। ভালোই লাগছে।”

দেশি পোশাকের ব্র্যান্ড সারার স্টলের বিক্রয় প্রতিনিধি রকিবুল হাসান বললেন, "আমাদের এখানে অন্যান্য স্টলের তুলনায় ক্রেতা বরাবরই বেশি থাকে। তবে এবার নির্বাচনের কারণে কয়টা দিন ক্রেতা আশানুরূপ ছিল না। মেলার সময় বাড়ালে হয়ত পুষিয়ে নেওয়া যাবে।”

তবে বড় ব্র্যান্ডের স্টলের চেয়ে ছোটো স্টলগুলোতেই ক্রেতার ভিড় দেখা গেল বেশি। এসব দোকানে দেড়শ থেকে দুশ টাকার মধ্যেও বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে।