এবার বাংলালিংকের নিরীক্ষায় যাচ্ছে বিটিআরসি
নিরীক্ষা দাবি নিয়ে গ্রামীণফোন ও রবিকে আদালতে টেনে নিয়ে যাওয়ার পর এখন মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের হিসাব নিরীক্ষা করতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
এজন্য দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ৪ ফেব্রয়ারির মধ্যে আগ্রহপত্র চেয়ে সোমবার বিজ্ঞপ্তি দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রচলিত আইন ও বিধি মেনে বিটিআরসি নিজস্ব ব্যয়ে এ নিরীক্ষা পরিচালনা করবে। অপারেটরের আর্থিক, কারিগরি ও প্রশাসনিক ব্যবস্থাপনা সবই নিরীক্ষার আওতায় পড়বে।
বিটিআরসি ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিরীক্ষা প্রতিষ্ঠানগুলো মূলত বিটিআরসির নথির সঙ্গে অপারেটরদের আমদানি যন্ত্রপাতির দাম যাচাই করে দেখে।
“এছাড়া অপারেটরদের দেওয়া প্রকৃত রাজস্বের হিসাব ঠিক আছে কি না, তা খতিয়ে দেখবে বিটিআরসি ও এনবিআরসহ সংশ্লিষ্ট সংস্থা।অপারেটরদের আর্থিক বিবরণী যাচাইও নিরীক্ষার অংশ থাকে।”
গত নভেম্বরের তথ্য অনুযায়ী, ৩ কোটি ৫১ লাখ ১২ হাজার গ্রাহক নিয়ে বাংলাদেশের পাঁচ অপারেটরের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলালিংক।
এর আগে বিটিআরসি ২০১১ সালে বাংলালিংকের নিরীক্ষায় গেলেও নিরীক্ষক নিয়োগ বাতিল ও অবৈধ ঘোষণা করে হাই কোর্ট।
বাংলালিংকের করপোরেট কমিউনিকেশনস বিভাগের সিনিয়র ম্যানেজার আংকিত সুরেকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইন ও নীতিমালা অনুসরণ করে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাংলালিংক দেশের অন্যতম একটি প্রতিষ্ঠান। বাংলালিংক লাইসেন্সের শর্তাবলী আইন অনুযায়ী অনুসরণ করেছে কিনা তা নির্ণয়ের জন্য বিটিআরসি অডিট কার্যক্রম পরিচালনার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তাকে আমরা স্বাগত জানাই। অডিট কার্যক্রমের সকল শর্ত মেনে চলতে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ এবং বিটিআরসিকে অডিট কার্যক্রম চলাকালে সকল ধরনের সহযোগিতা করার নিশ্চয়তা আমরা দিচ্ছি।
“আমরা আশা করি, সম্পূর্ণ অডিট প্রক্রিয়াটি দেশীয় আইন ও অডিটের আন্তর্জাতিক মানদণ্ড মেনে নিরপেক্ষ ও গ্রহনযোগ্যভাবে সম্পন্ন হবে, যাতে সংশ্লিষ্ট সকল পক্ষ এ ব্যাপারে স্বচ্ছতার সাথে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে উপনীত হতে পারে। উপরন্তু আমরা আশা করিম যে অপারেটরগুলোতে (এয়ারটেল ও টেলিটক) এখনো অডিট হয়নি তাদেরকেও একই প্রক্রিয়ায় এই কার্যক্রমের আওতায় এনে সবার জন্য একটি সুষম প্রতিযোগিতামূলক ক্ষেত্র নিশ্চিত করা হবে।”
গত বছরের ৩১ জুলাই গ্রামীণফোনের কাছে নিরীক্ষা আপত্তির দাবির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করে চিঠি দেয় বিটিআরসি। সালিশের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তিতে বিটিআরসি রাজি না হওয়ায় দুই কোম্পানি আদালতের দ্বারস্থ হয়।
রোববার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসির ৮৬৭ কোটি ২৩ লাখ টাকার নিরীক্ষা দাবির মধ্যে রবিকে ১৩৮ কোটি টাকা কিস্তিতে পাঁচ মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দেয় হাই কোর্ট।
এর আগে গত ২৪ নভেম্বর বিটিআরসির সাড়ে ১২ হাজার কোটি টাকার নিরীক্ষা দাবির নোটিসের ওপর হাই কোর্টের নিষেধাজ্ঞা বহাল রেখে গ্রামীণফোনকে অবিলম্বে দুই হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
