২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গ্রামীণফোন ও বাংলালিংকের নিরীক্ষক নিয়োগ অবৈধ'

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড ও ওরাসকম বাংলাদেশ লিমিটেডের (বাংলালিংক) নিরীক্ষক নিয়োগ বাতিল ও অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 12:42 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড ও ওরাসকম বাংলাদেশ লিমিটেডের (বাংলালিংক) নিরীক্ষক নিয়োগ বাতিল ও অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফরিদ আহাম্মেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এক রিট আবেদনে এই রায় দেয়। আদালত একই সঙ্গে নিরীক্ষক প্রতিষ্ঠান নিয়োগে সরকারি ক্রয়বিধি অনুযায়ী নতুন করে দরপত্র ডাকতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) নির্র্দেশ দিয়েছে। বিটিআরসি গত এপ্রিল মাসে এম এ ফজল অ্যান্ড কোংকে গ্রামীণফোন এবং আহমেদ জাকের অ্যান্ড কোংকে বাংলালিংক নিরীক্ষার কাজ দেয়। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে আজিজ হালিম খায়ের চৌধুরী ফার্ম নামে অন্য একটি প্রতিষ্ঠানকে বাংলালিংকের নিরীক্ষার দায়িত্ব দেওয়া হয়। এ নিয়োগ চ্যালেঞ্জ করে কে এম আলম অ্যান্ড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান হাইকোর্টে রিট করে। প্রতিষ্ঠানটি মোবাইল অপারেটরগুলোর নিরীক্ষক হিসাবে নিয়োগ পেতে বিটিআরসিতে আবেদন করেছিলো। গত ২৩ জুন হাইকোর্টের একটি বেঞ্চ ওই দুই মোবাইল অপারেটরে নিরীক্ষক প্রতিষ্ঠানের নিয়োগ চার মাসের জন্য স্থগিত করার পাশাপাশি ওই নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছিলো। পরে বিটিআরসির আবেদনে আপিল বিভাগ স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়ে হাইকোর্টে রিটটি নিষ্পত্তির নির্দেশ দেয়। আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুরাদ রেজা। তাকে সহায়তা করেন রেজা ই রাকিব মুন্না। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন শেখ মোহাম্মদ মোরসেদ ও ব্যারিস্টার মো. ইফতেখার জোনায়েদ। মোহাম্মদ মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের এই রায়ের ফলে ওই নিয়োগ বাতিল হয়েছে। এখন বিটিআরসিকে নতুন করে নিরীক্ষক নিয়োগ করতে হবে। তিনি বলেন, পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০০৮ অমান্য করে বিটিআরসি ওই দুই প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছিলো। এ বিষয়ে আমার মক্কেল নিয়ম অনুযায়ী পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের পর্যালোচনা পরিষদে অভিযোগ জানালেও কাজ হয়নি। "এরপর আমরা হাইকোর্টে রিট করি। আজ দেওয়া রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, ওই নিয়োগ প্রক্রিয়া ছিলো খামখেয়ালিপূর্ণ, অবৈধ ও পক্ষপাতদুষ্ট।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৮৩১ ঘ.