বাংলাদেশ ব্যাংকে আরও ৫ কর্মকর্তার পদোন্নতি
বাংলাদেশ ব্যাংকে আরও পাঁচ কর্মকর্তার পদোন্নতি হয়েছে।এদের মধ্যে তিন জন মহাব্যবস্থাপক (জিএম) থেকে নির্বাহী পরিচালক হয়েছেন। আর দুই জন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) থেকে মহাব্যবস্থাপক হয়েছেন।
নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তা হলেন, সুলতান মাসুদ আহমেদ, আওলাদ হোসেন চৌধুরী এবং নাহিদা বেগম।
মনোজ কুমার হাওলাদার এবং তরুন কান্তি ঘোষ জিএম হয়েছেন।
কয়েক দিন আগে আরও কয়েক জন কর্মকর্তার পদোন্নতি হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সুলতান মাসুদ আহমেদ
ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক সুলতান মাসুদ আহমেদকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্সসহ মাস্টার ডিগ্রী অর্জন করেন। ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন সুলতান মাসুদ।
তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, ব্যাংক প্রবিধি ও নীতি বিভাগ, হিসাব বিভাগ, গৃহায়ন তহবিল, ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।
তাছাড়া তিনি বাংলাদেশ ব্যাংক সিলেট ও রংপুর অফিসেও দায়িত্ব পালন করেন।
আওলাদ হোসেন চৌধুরী
মতিঝিল অফিসের মহাব্যবস্থাপক (প্রশাসন) আওলাদ হোসেন চৌধুরীকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাস্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্সসহ মাস্টার ডিগ্রী অর্জন করেন। আওলাদ ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।
বাঁ থেকে- সুলতান মাসুদ আহমেদ, আওলাদ হোসেন চৌধুরী, নাহিদা বেগম, মনোজ কুমার হাওলাদার এবং তরুন কান্তি ঘোষ।
নাহিদা বেগম
গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক মোসা নাহিদা বেগমও পদোন্নতি নির্বাহী পরিচালক হয়েছেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদ বিদ্যা বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার পদে কর্মজীবন শুরু করেন জনাব নাহিদা
তিনি ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিস, প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনোয়োগ বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, শিল্পঋণ বিভাগ, কৃষি ঋণ বিভাগ, হিউম্যান রিসোসের্স ডিপার্টমেন্ট, কমন সার্ভিসেস ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেন।
মনোজ কুমার হাওলাদার
মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন ব্যাংক পরিদর্শন বিভাগের উপমহাব্যবস্থাপক মনোজ কুমার হাওলাদার।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে কৃষি অর্থনীতিতে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন মনোজ।
তিনি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, ফাইন্যান্সিয়াল ইন্ট্রিগ্রিটি ও কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট, কৃষি ঋণ বিভাগ এবং ব্যাংক পরিদর্শন বিভাগে দায়িত্ব পালন করেছেন।
তরুন কান্তি ঘোষ
মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন পরিসংখ্যান বিভাগে কর্মরত উপমহাব্যবস্থাপক (পরিসংখ্যান) তরুন কান্তি ঘোষ ।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানে অনার্সসহ স্নাতকোত্তর এবং একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্সে এমবিএ ডিগ্রী অর্জন করেন।
১৯৯২ সালের ৩০ নভেম্বর সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন তরুন।
তিনি বাংলাদেশ ব্যাংকের চীফ ইকনোমিস্ট ইউনিট বিভাগেও দায়িত্ব পালন করেন।
