২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান নিয়ে প্রশ্ন: ৯ কোম্পানির নানা পণ্যের লাইসেন্স বাতিল

পণ্যের মান খারাপ হওয়ায় ইফাদ সল্টসহ ৯টি কোম্পানির বিভিন্ন পণ্যের লাইসেন্স বাতিল করেছে রাষ্ট্রীয় মান নির্ধারক সংস্থা বিএসটিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2019, 06:36 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

সোমবার বিএসটিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পণ্যের বিপণন, উৎপাদন, বিজ্ঞাপন নিষিদ্ধের কথা জানানো হয়।

পণ্যগুলো হচ্ছে- এ কে খান ফুড অ্যান্ড বেভারেজের ফর্টিফাইড সয়াবিন তেল, জে কে ফুড প্রোডাক্টের লাচ্ছা সেমাই, মডার্ণ কসমেটিকস অ্যান্ড হারবালের স্কিন ক্রিম, জি এম কেমিক্যাল ওয়ার্কসের স্কিন ক্রিম, নিউ চট্টলার ঘি, রেভেন ফুড কোম্পানির লাচ্ছা সেমাই, খাজানা মিঠাইয়ের লাচ্ছা সেমাই, ঘি ও চানাচুর, প্রমি এগ্রো ফুডের হলুদের গুঁড়া এবং ইফাদ সল্ট অ্যান্ড কেমিক্যালের ইফাদ ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ।

বিএসটিআইএর সার্টিফিকেশন মার্কেস (সিএম) বিভাগের পরিচালক সাজ্জাদুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাম্প্রতিক সময়ে গোপনে অভিযান চালিয়ে বাজার থেকে এসব পণ্য সংগ্রহ করে মান খারাপ পাওয়া যায়। বিষয়টি সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে জানিয়ে চিঠি দেওয়া হয়। পরে আবার তাদের কারখানা থেকেও পণ্যের নমুনা সংগ্রহ করে একই ধরনের সমস্যা পাওয়া যায়। এর পরই তাদের লাইসেন্স বাতিলের বিষয়টি গণমাধ্যমকে জানানো হল।

এখন নতুন করে পণ্যের মানোন্নয়ন করে লাইন্সে নেওয়া আগ পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিপণন ও সংরক্ষণ বন্ধ রাখতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ইফাদ গ্রুপের কর্মকর্তা ইফতেখার আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে মন্তব্য করেননি।

সোমবার বিকালে বিএসটিআইর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩টি কোম্পানির পণ্যের লাইসেন্স বাতিলের কথা বলা হয়েছিল, যার মধ্যে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ফার্মফ্রেজ ঘির নামও ছিল।

তখন যোগাযোগ করা হলে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের কোয়ালিটি কনট্রোল বিভাগের কর্মকর্তা এমএম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যতদূর জানতে পেরেছি, উনারা (বিএসটিআই) ভুলবশত আমাদের নামটা দিয়েছে। আমাদের পণ্যের মানও ঠিক আছে, আমাদের ভ্যালিড লাইসেন্সও রয়েছে।”

রাতে সংশোধিত বিজ্ঞপ্তি আসে বিএসটিআইর, যাতে আকিজসহ চারটি কোম্পানির নাম বাদ দেওয়া হয়।

এতে বলা হয়, “প্রথম বিজ্ঞপ্তিতে ভুলবশত এই চারটি প্রতিষ্ঠানের নাম লেখা হয়েছিল, যদিও এসব প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স রয়েছে।”

আকিজ ছাড়া যাদের পণ্যের নাম বাদ পড়েছে, সেগুলো হচ্ছে- শক্তি এডিবলের ফর্টিফাইড সয়াবিন তেল, বিসমিল্লাহ সল্ট ফ্যাক্টরির ‘উট’ ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, জনতা সল্ট মিলের আয়োডিনযুক্ত লবণ।