২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রায়ত্ত ব্যাংকারদের বিদেশ ভ্রমণে লাগাম

খেলাপি ঋণ আদায়ের কাজে গতি আনতে রাষ্ট্রায়ত্ত এবং বিশেষায়িত ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে অর্থমন্ত্রণালয়।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2019, 10:07 PM

Updated : 10 Oct 2022, 09:47 PM

পুরনো খবর:

খেলাপি ঋণ না কমে উল্টো বাড়ছে

‘অতি জরুরি প্রয়োজন‘ এবং চিকিৎসা ছাড়া  ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কর্মকর্তা বিদেশে যেতে পারবেন না।

গত রোববার অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে; যা মঙ্গলবার ব্যাংকগুলোতে পৌঁছেছে।

ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ‘রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকসমূহের কর্মকর্তাগণের ব্যক্তিগত উদ্দেশ্যে বিদেশ ভ্রমন সীমিতকরণ সংক্রান্ত’  আদেশে বলা হয়েছে, রাষ্ট্র মালিকানাধীন এবং বিশেষায়িত ব্যাংকের খেলাপি ঋণ হ্রাসকল্পে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নেওয়া সত্ত্বেও ঋণ আদায়ে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ঋণ পুনঃতফসিল ও এককালীন এক্সিট সংক্রান্ত বিশেষ নীতিমালার আওতায় ২ শতাংশ হারে ডাউন পেমেন্ট দিয়ে খেলাপি ঋণ আদায়ে কার্যক্রম চলমান রয়েছে; যার মেয়াদ হাইকোর্ট ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন।

“ফলে খেলাপি ঋণ আদায় জোরদারকরণে ব্যাংক কর্মকর্তাদের যথাযথভাবে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ কার্যক্রম নেওয়া প্রয়োজন। কিন্তু, ব্যাংক কর্মকর্তাদের অতিমাত্রায় ব্যক্তিগত বিদেশ ভ্রমণ প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রমে ধীরগতিসহ ঋণ আদায়ে সরকার নির্ধারিত কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হচ্ছে।”

তাই কর্মকর্তাদের মাধ্যমে যথাযথভাবে কার্যসম্পাদনের লক্ষ্যে ব্যক্তিগত পর্যায়ে অপরিহার্য প্রয়োজন ব্যতীত বিদেশ ভ্রমণ সীমিতকরণ আবশ্যক।

“এমতাবস্থায় খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনতে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের অতীব জরুরি প্রয়োজন এবং চিকিৎসা ব্যতীত ব্যক্তিগত উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ সীমিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।”

নানা পদক্ষেপের মধ্যেও ব্যাংক খাতে খেলাপি ঋণ না কমে উল্টো বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের প্রধান সমস্যা খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ২৮৮ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ১২ শতাংশ।

তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা। নয় মাসের ব্যবধানে বেড়েছে ২২ হাজার ৩৭৭ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংক এই হিসাব দিলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ, স্থানীয় অর্থনীতিবিদ এবং ব্যাংকাররা বলছেন, প্রকৃত হিসাবে খেলাপি ঋণের পরিমাণ আরও অনেক বেশি।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গত জুন পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৪২৫ কোটি টাকা, যা ছিল মোট ঋণের ১১ দশমিক ৬৯ শতাংশ।

জুন পর্যন্ত ৬৭৫ জন ঋণগ্রহীতা আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে রেখেছেন। ঋণ খেলাপি হিসেবে তাদের নাম বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোতে (সিআইবি) উল্লেখ করা হয় না। এ রকম ঋণের পরিমাণ ৭৯ হাজার ২৪২ কোটি টাকা।

বিভিন্ন সময়ে বিশেষ ব্যবস্থায় খেলাপি ঋণ পুনঃতফসিল করা হয়। সরকারের নির্দেশে বারবার ঋণ পুনঃতফসিল করার উদাহরণও আছে। ২০১৫ সাল থেকে শুরু হয়েছে বড় অঙ্কের খেলাপি ঋণের পুনঃতফসিল। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে এ রকম বিশেষ নির্দেশিত হিসাবে থাকা ঋণের পরিমাণ ২৭ হাজার ১৯২ কোটি টাকা।

আবার বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিয়ে জুন পর্যন্ত আরও ২১ হাজার ৩০৮ কোটি টাকার খেলাপি ঋণ নিয়মিত করে দিয়েছে বিভিন্ন ব্যাংক।

এই সব হিসাবে নিলে বাংলাদেশে এখন মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় আড়াই লাখ কোটি টাকা।

আইএমএফ এসব ঋণ অন্তর্ভুক্ত করেই খেলাপি ঋণের হিসাব করতে বলেছে সরকারের কাছে দেওয়া  প্রতিবেদনে।

আন্তর্জাতিক এই ঋণ সংস্থা ছয় মাস ধরে বাংলাদেশের আর্থিক খাত পর্যালোচনা করে সরকারকে একটি প্রতিবেদন দিয়েছে। সরকারের আমন্ত্রণেই আইএমএফের একটি প্রতিনিধিদল আর্থিক খাতের স্থিতিশীলতা পর্যালোচনা করতে দুই দফায় বাংলাদেশে এসেছিল।

প্রথম আসে গত এপ্রিলে, এরপর গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে। পর্যালোচনা শেষে সংস্থাটি ৪৩টি সুপারিশ করেছে। ৬৮ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বাংলাদেশের ব্যাংক খাতের নানা অব্যবস্থা ও সংকটের খোলামেলা আলোচনা করা হয়েছে।

বাংলাদেশের আর্থিক খাত বিশ্লেষণ করে আইএমএফ বলেছে, এখানে খেলাপি ঋণ আড়াল করে রাখা আছে, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি দুর্বল, ব্যাংক পরিচালক ও ব্যবস্থাপকদের আচরণ বেপরোয়া। নিয়ম ভাঙলে শাস্তিও পান না তারা। সব মিলিয়ে বাংলাদেশের ব্যাংক খাত অত্যন্ত ভঙ্গুর অবস্থায় এবং বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাকগুলোর খেলাপি ঋণ ৬০ হাজার কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে,  সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯২২ কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ৩১ দশমিক ৫২ শতাংশ।

জুন শেষে এসব ব্যাংকের খেলাপি ঋণ ছিল ৫৩ হাজার ৭৪৪ কোটি টাকা, যা ওই সময়ের বিতরণ করা ঋণের ৩১ দশমিক ৫৮ শতাংশ।

আর দুই বিশেষায়িত ব্যাংকের (কৃষি ও রাকাব) খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৭০০ কোটি ৪১ লাখ টাকা, জুন শেষে যা ছিল ৪ হাজার ৬৯৮ কোটি ৮৩ লাখ টাকা।